
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড আশিস দে
শেষ আপডেট: 17 June 2024 23:46
দ্য ওয়াল ব্যুরো: ছুটির পর শতাব্দী এক্সপ্রেসে ডিউটি করার কথা ছিল। কিন্তু নিজের প্রয়োজনে সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ডিউটি নেন। ছোট্ট মেয়ের হাতে চকলেট দিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন আশিস দে। আর সেই ডিউটি বদলই যেন কাল হল! ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড।
সোমবার উত্তরবঙ্গের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী রইল পশ্চিমবঙ্গ। এদিন সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন থেকে ধাক্কা মারে মালগাড়ি। আর সেই ট্রেনের ধাক্কায় নিজের কেবিনের মধ্যেই আটকে পরে মৃত্যু হয় ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের গার্ড আশিস দে-র।
সকাল আটটা নাগাদ বাড়ি থেকে কাজে বেরিয়েছিলেন আশিস। মেয়েকে চকলেট কিনে দিয়ে বলে যান, রাতে বাড়ি ফিরবেন। কিন্তু দুপুরে দু:সংবাদ পেতেই শোকের ছায়া নেমে আসে শিলিগুড়ির ৩২ নম্বর ওয়ার্ডের দে পরিবারে। স্ত্রী, মেয়ে এবং মাকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন ৩৫ বছরের এই যুবক।
দিব্যি সুস্থ অবস্থায় যিনি সকালে কাজে বেরোলেন আচমকা তাঁর মৃত্যু মেনে নিতে পারছেন না আশিসবাবুর স্ত্রী দীপিকা দে। কান্নায় ভেঙে পড়েছেন তিনি। সোমবার সকালে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে তাঁরই নিথর দেহ প্রথম ঢোকে। আশিসের দেহ ফিরতেই পরিচিত পরিজনদের চোখেমুখে ছিল বিস্ময়। গান গাইতে ভালোবাসতেন আশিস। কোনও ঘরোয়া অনুষ্ঠানে একটা-দুটো গান তিনি ধরতেনই। সদা হাসিখুশি সেই তরুণের মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই।
এদিনের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রাজ্যে আবগারি দফতরের এক অফিসারও। তিনি কালিম্পঙের বাসিন্দা। মৃত্যু হয়েছে কলকাতার ফুলবাগানের বাসিন্দা রেলের পার্সেল ভ্যানের এক কর্মীর। এছাড়াও রেলের দাবি, এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৯ জন।