.jpeg)
ফাইল ছবি।
শেষ আপডেট: 18 December 2024 12:55
দ্য ওয়াল ব্যুরো: ফের কর্মসংস্থানের বিরাট সুযোগ রাজ্যে। পূর্ব ঘোষণা অনুযায়ী, বুধবার নিউটাউনের হাতিশালায় ইনফোসিসের নতুন ক্যাম্পাসের উদ্বোধন হতে চলেছে। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ইনফোসিস সূত্রের খবর, নতুন ক্যাম্পাসে ৪ হাজার মানুষের কর্মসংস্থান হবে। আপাতত ১৭ একর জমির ওপর গড়ে উঠেছে এই ক্যাম্পাস। রাজ্যে নতুন শিল্প বিনিয়োগের ক্ষেত্রে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তথ্য প্রযুক্তি সংস্থাটির এই প্রকল্প নিঃসন্দেহে একটা বড় পরিবর্তন নিয়ে আসবে বলেই মনে করা হচ্ছে।
জানা যাচ্ছে, নিউটাউনের হাতিশালায় মোট ৫০ একর জমি নিয়েছে ইনফোসিস। প্রাথমিকভাবে ১৭ একর জমির ওপর তৈরি হচ্ছে ক্যাম্পাস। আগামী দিনে বাকি অংশও সম্প্রসারণ করা হবে।
সম্প্রতি আলিপুরের সরকারি অতিথিশালায় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের (বিজিবিএস) প্রস্তুতি বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে শিল্প ও বাণিজ্য মহলের একাধিক শীর্ষ ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। সেখানেই ইনফোসিসের নতুন ক্যাম্পাসের প্রসঙ্গটি জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামী বছরের ৫-৬ ফেব্রুয়ারি কলকাতায় অষ্টম বিজিবিএস অনুষ্ঠিত হবে। সম্মেলনকে সফল করতে সম্প্রতি দিল্লিতে বণিক সংগঠন ফিকির সঙ্গে যৌথভাবে রাজ্য সরকার একটি বৈঠকের’ আয়োজন করেছিল। সেখানে ৪২ টিরও বেশি দেশের প্রতিনিধিদের কাছে রাজ্যে শিল্প স্থাপনের সহায়ক পরিবেশের কথা তুলে ধরেছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শিল্পসচিব বন্দনা যাদবরা।
এবার শিল্প সম্মেলনের আগেই কলকাতায় নতুন ক্যাম্পাসের আনুষ্ঠানিক সূচনা করতে চলেছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিস।