
শেষ আপডেট: 25 June 2022 11:43
দ্য ওয়াল ব্যুরো: আইএনকে-কাণ্ডে (INK) রিপোর্ট তলব করল রাজ্য সরকার। ৮ তলা থেকে রোগী পড়ে যাওয়ার ঘটনায় রিপোর্ট চাওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। রাজ্য স্বাস্থ্য দফতর শনিবার বিকেলে এই রিপোর্ট চেয়েছে।
শনিবার সকালে মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে হুলস্থূল কাণ্ড শুরু হয়। একজন রোগী ৮ তলার জানলা বেয়ে কার্নিশে চলে আসেন। সেখান থেকে নীচে লোকজনের দিকে তাকিয়ে হাত নাড়ছিলেন তিনি। ব্যাপার দেখতে লোক জড়ো হয়ে যায় ব্যস্ত রাস্তায়। ওই রোগীর নার্ভের সমস্যা ছিল বলে খবর। তাঁকে উদ্ধার করতে দমকলের ডাক পড়ে।
দমকল কর্মীরা দেড়ঘণ্টা চেষ্টা করেও রোগীকে উদ্ধার করতে পারেননি। ৮ তলা থেকে একসময় নীচে পড়ে যান তিনি। গুরুতর অসুস্থ অবস্থায় এই মুহূর্তে আইএনকে-তেই চিকিৎসাধীন রয়েছেন সুজিত অধিকারী নামের ওই লেকটাউনের বাসিন্দা। শনিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে আইএনকে কর্তৃপক্ষ জানিয়েছে ভেন্টিলেশনে চিকিৎসা চলছে তাঁর।
এরপরই জানা গেল স্বাস্থ্য দফতর রিপোর্ট তলব করেছে আইএনকে-র কাছে। কীভাবে এমন একটা ঘটনা শহরের বুকে ঘটে গেল, কীভাবে কার্নিশে এসে পৌঁছলেন ওই রোগী, কেনই বা এতক্ষণ চেষ্টা সত্ত্বেও তাঁকে নামিয়ে আনা গেল না সেসব জানতে চাওয়া হয়েছে। সূত্রের খবর ডিরেক্টর অফ হেলথ সায়েন্স তথা ডিএইচএস-কে পুরো বিষয়টা আইএনকে-র কাছ থেকে জানতে বলা হয়েছে।