বেলডাঙায় হুমায়ুন কবীরের মসজিদ নির্মাণ কর্মসূচিকে ঘিরে অশান্তি এড়াতে রাজ্যপাল সিভি আনন্দ বোস গড়লেন বিশেষ ‘অ্যাক্সেস পয়েন্ট’ সেল। ২৪ ঘণ্টার নজরদারি, ফোন ও ই-মেইলে অভিযোগ জানানো যাবে।

বাঁদিকে হুমায়ুন- ডানদিকে রাজ্যপাল
শেষ আপডেট: 6 December 2025 00:06
দ্য ওয়াল ব্যুরো: বেলডাঙায় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের প্রস্তাবিত মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন কর্মসূচি নিয়ে রাজ্যজুড়ে আলোচনার শেষ নেই। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে এই কর্মসূচির উপর থেকে সব ধরনের বাধা সরে গেলেও, পরিস্থিতির সংবেদনশীলতা বিবেচনা করে রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে উদ্যোগী হল রাজভবন। শুক্রবার রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজে উদ্যোগ নিয়ে গড়ে তুললেন একটি বিশেষ নজরদারি সেল (Special Monitoring Cell), যার নাম রাখা হয়েছে ‘অ্যাক্সেস পয়েন্ট’ (Access Point)।
এই সেল ২৪ ঘণ্টা খোলা থাকবে। রাজ্যের যে কোনও প্রান্তের মানুষ হুমকি, অশান্তি তৈরির চেষ্টা, উত্তেজনামূলক মন্তব্য কিংবা উস্কানিমূলক ঘটনাবলি সম্পর্কে সরাসরি অভিযোগ জানাতে পারবেন ফোন বা ইমেইলের মাধ্যমে। রাজভবনের তরফে জানানো হয়েছে, রাজ্যপাল নিজে নিয়মিতভাবে এই সেলের কার্যকলাপ পর্যবেক্ষণ করবেন।
অ্যাক্সেস পয়েন্ট সেলের যোগাযোগ নম্বর ০৩৩–২২০০১৬৪১। ইমেল করা যেতে পারে এই তিন ঠিকানায়
রাজ্যপালের বার্তা পরিষ্কার, বর্তমান পরিস্থিতিতে রাজ্যবাসীকে সতর্ক ও সংযত থাকতে হবে। কোনও উস্কানিমূলক বক্তব্য বা গুজবে বিশ্বাস না করে প্রত্যেককে শান্তি বজায় রাখতে হবে। পাশাপাশি রাজ্য সরকারকেও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
এদিকে, হাইকোর্টের সিদ্ধান্তে হুমায়ুন কবীরের বাবরি মসজিদ নির্মাণ কর্মসূচিতে আর কোনও আইনি বাধা রইল না। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল (Justice Sujoy Paul) ও বিচারপতি পার্থসারথী সেন (Justice Partha Sarathi Sen)-এর ডিভিশন বেঞ্চ শুক্রবার স্পষ্ট জানিয়ে দেয়, এই বিষয়ে আদালত কোনও হস্তক্ষেপ করবে না।
এদিন আদালতে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য যুক্তি দেন যে, এই কর্মসূচিকে কেন্দ্র করে সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে এবং রাজ্যকে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তবে বেঞ্চ জানিয়ে দেয়, আদালত শুধু আইনগত প্রশ্নে হস্তক্ষেপ করতে পারে, প্রশাসনিক নিরাপত্তার বিষয় রাজ্যের দায়িত্ব।
অন্যদিকে, রাজনৈতিক মহলেও এই বিষয়কে কেন্দ্র করে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তবে রাজভবনের এই নতুন পদক্ষেপ, ‘অ্যাক্সেস পয়েন্ট’ সেল চালু হওয়ায় প্রশাসনের চোখে এখন সংবেদনশীল এলাকাগুলিতে নজরদারি আরও শক্তিশালী হবে বলেই মনে করা হচ্ছে।
সব মিলিয়ে, হাইকোর্টের রায় ও রাজ্যপালের সতর্কতার বার্তা, দুইয়ের ফলেই রাজ্যে শান্তি-সম্প্রীতি বজায় রাখার জন্য সক্রিয়ভাবে ব্যবস্থা নেওয়া শুরু করেছে রাজভবন ও প্রশাসন।