দ্য ওয়াল ব্যুরো : গত ২২ ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল জুডিশিয়াল কনফারেন্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র। সেজন্য নানা মহল থেকে তাঁর সমালোচনা করা হয়। শুক্রবার সরাসরি সেকথা উল্লেখ না করে বিচারপতি অরুণ মিশ্র বললেন, বিচারপতিরা যদি কারও প্রশংসা করেন, তাঁদের বিতর্কে টেনে আনা উচিত নয়।
দিল্লির লুতিয়েনস অঞ্চলে খান মার্কেটে একটি প্লে স্কুল বন্ধ করে দেওয়া নিয়ে মামলার শুনানি হয় বিচারপতি অরুণ মিশ্রের এজলাসে। স্কুলের ম্যানেজমেন্টের হয়ে সওয়াল করেন প্রবীণ আইনজীবী তথা কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। বিচারপতি তাঁকে প্রশ্ন করেন, আপনি কি খান মার্কেটে থাকেন? সিংভি বলেন, তিনি বহুকাল আগে লুতিয়েনস ছেড়ে চলে এসেছেন। তবে মাঝে মাঝে খান মার্কেটে যান। সেজন্য কেউ যদি তাঁকে ‘খান মার্কেট এলিট’ বলে, তাঁর আপত্তি নেই।
তাঁর কথায়, “খান মার্কেট এলিট কথাটি এখন গালাগালি হিসাবে ব্যবহার করা হয়। তবে আমাকে কেউ ওই কথাটি বললে আপত্তি করি না। খান মার্কেটে বেশ কয়েকটি ভাল কফি শপ আছে। আমি কয়েকজন বিচারপতিকেও সেখানে যেতে দেখেছি।”
তখনই বিচারপতি তাঁকে বলেন, কারও সম্পর্কে ভাল কথা বললে আপত্তি করা উচিত নয়। তাঁর কথায়, “আমি যদি আপনার সম্পর্কে ভাল কথা বলি, তখনও অনেকে আমার সমালোচনা করবে।”
বিচারপতি অরুণ মিশ্র মোদীকে জিনিয়াস বলে উল্লেখ করেছিলেন। তিনি বলেন, “নরেন্দ্র মোদীর যোগ্যতা আন্তর্জাতিক মহলেও স্বীকৃত। তিনি জিনিয়াস। ভাবেন গ্লোবালি আর কাজ করেন লোকালি।”
প্রধানমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদেরও দরাজ প্রশংসা করেন বিচারপতি মিশ্র। তাঁর কথায়, “আন্তর্জাতিক স্তরে বহু দেশ ভারতকে বন্ধু ভাবে। এটা সম্ভব হয়েছে মোদীর বলিষ্ঠ নেতৃত্বের জন্যই।”
নরেন্দ্র মোদীর বক্তৃতার ধরন নিয়েও উচ্ছ্বাস শোনা যায় বিচারপতি মিশ্রের গলায়। তিনি বলেন, “আমাদের প্রধানমন্ত্রী যেভাবে তাঁর বক্তব্য উপস্থাপন করেন, তাতে বহু মানুষ অনুপ্রাণিত হন।”