
শেষ আপডেট: 26 December 2018 10:24
উত্তরপ্রদেশের কাতেরনিয়াঘাটের মোতিপুরে রানধাওয়ার একটি ফার্ম রয়েছে। সেখানেই গত তিন দিন ধরে তাঁকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় বলে জানা গিয়েছে। বিষয়টি মোতিপুর রেঞ্জ কর্তৃপক্ষের নজরে আসতেই খোঁজ নেয় তারা। এর পরেই ওই গল্ফারকে বেআইনি বন্যপাখি শিকারে অভিযুক্ত করে তারা।
বুধবার গ্রেফতারের পর তাঁকে জিজ্ঞাসাবাদের পর্ব সারেন কাতেরনিয়া ঘাটের ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার। রাইফেল, গাড়ি, বন্য শুকরের চামড়া, বাইনোকুলার জাতীয় বিভিন্ন শিকারের নমুনা পাওয়া গিয়েছে তাঁর কাছ থেকে। আপাতত জেলেই রয়েছেন তিনি। বন্যপ্রাণী সংরক্ষণের বিভিন্ন ধারায় মামলা হতে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
জ্যোতি রানধাওয়া এক জন পেশাদার গলফার। ১৯৯৪ সালে প্রফেশনাল গল্ফের সার্কিটে পা রাখেন তিনি। এশিয়ান ট্যুর মানি লিস্টে শীর্ষে থেকেই সে বার শেষ করেন জ্যোতি। ২০০৪ জনি ওয়াকার ক্লাসিক ইউরোপিয়ান ট্যুরে দ্বিতীয় স্থানে শেষ করেন। দেশে-বিদেশে এমনই দুরন্ত সাফল্য একাধিকবার তাঁকে স্থান করে দেয় বিশ্বের প্রথম ১০০ জন গল্ফারের মধ্যে। পরবর্তীতে বিভিন্ন আন্তর্জাতিক শ্যুটিং প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন রানধাওয়া। উল্লেখ্য, বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংয়ের প্রাক্তন স্বামী রানধাওয়া। ২০০১ চিত্রাঙ্গদার সঙ্গে গাঁটছড়া বাঁধলেও ২০১৪ বিবাহ-বিচ্ছেদ হয় তাদের। ২০০৪-০৯ সময়কালে একাধিকবার বিশ্বের প্রথম একশো গল্ফারের মধ্যে স্থান করে নিয়েছিলেন ভারতীয় এই গল্ফার।