.jpeg)
বেড়েছে সোনার দাম
শেষ আপডেট: 22 April 2025 13:33
দ্য ওয়াল ব্যুরো: একেই কি বলে সোনায় সোহাগা! ডিসেম্বরে ১০ গ্রাম সোনা যে দামে (Gold Price) কেনা হয়েছে, এপ্রিল পৌঁছতেই তার দাম বেড়ে গেল লাফিয়ে লাফিয়ে। ২০২৫ সালের প্রথম চার মাসেই প্রায় ২৫ শতাংশ বেড়েছে সোনার দাম। এমসিএএক্স (MCX) ও কমেক্স (COMEX)-এর মতো আন্তর্জাতিক বাজারে একের পর এক রেকর্ড ছুঁয়ে ফেলেছে সোনার দর। খুচরো বাজারে প্রতি ১০ গ্রাম সোনার দাম ইতিমধ্যেই ১ লক্ষ টাকার গণ্ডি অতিক্রম করেছে। ফলে সাধারণ বিনিয়োগকারীদের মনে প্রশ্ন তৈরি হয়েছে—এখনই কি সোনা কেনার সেরা সময়?
বিশেষজ্ঞদের ব্যাখ্যা, এই উত্থানের (Gold Price Hike) পেছনে রয়েছে ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা, মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা এবং নিরাপদ সম্পদ হিসেবে সোনার চাহিদা বেড়ে যাওয়া। বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির সোনার রিজার্ভ বাড়ানোর কৌশলও এই দাম বৃদ্ধিকে ত্বরান্বিত করছে।
মোতিলাল ওসওয়াল (Motilal Oswal) ফিনান্সিয়াল সার্ভিসেস-এর হেড অফ কমোডিটি অ্যান্ড কারেন্সি রিসার্চ নভনীত দামানি জানিয়েছেন, “নীতি সংক্রান্ত অনিশ্চয়তা, মূল্যবৃদ্ধির চাপ এবং আন্তর্জাতিক উত্তেজনার মধ্যে সোনা স্থিতিশীলতার প্রতীক হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে, মাঝারি ও দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গিতে এমনভাবে কিনতে হবে যখন দাম পড়বে। সেটাই হবে বুদ্ধিমানের কাজ।”
তবে শর্ট টার্ম বিনিয়োগে কিছুটা সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন ভেন্টুরার হেড অফ কমোডিটিজ এনএস রামাস্বামী। তাঁর কথায়, “বর্তমান র্যালির সময়ে সোনা কেনা ঝুঁকিপূর্ণ হতে পারে। দাম যত বাড়ছে, ততই প্রফিট বুকিং এবং সংশোধনের সম্ভাবনা তৈরি হচ্ছে। সেক্ষেত্রে দামে কম সংশোধন হলে তবেই বিনিয়োগের সুযোগ তৈরি হবে।”
বিশ্ববাজারে সোনার দাম ৩১৫০–৩০৮০ ডলারে নামলে তা ক্রয়ের জন্য উপযুক্ত স্তর হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। অন্যদিকে দীর্ঘমেয়াদি বিনিয়োগকারী হলে ‘ডলার কস্ট অ্যাভারেজিং’ অর্থাৎ ছোট ছোট কিস্তিতে সময় ধরে সোনা কেনার কৌশল উপযোগী হতে পারে। এর ফলে বাজার উঠুক বা নামুক, গড় দামে লাভবান হওয়ার সম্ভাবনা বাড়ে।
ভিটি মার্কেটস-এর গ্লোবাল স্ট্র্যাটেজি অপারেশন্স লিড, রস ম্যাক্সওয়েল বলেন, “দামের শীর্ষে কিনলে সংশোধনের ধাক্কা খাওয়ার সম্ভাবনা থাকে। তাই দাম কমলে কিনুন, আর দীর্ঘমেয়াদে ধীরে ধীরে বিনিয়োগ করে যান।”
সোনার বাজার এখন উঁচুতে। তবুও এককালীন বড় অঙ্কে বিনিয়োগ না করে, ধাপে ধাপে ও পরিস্থিতি দেখে এগোনোই বুদ্ধিমানের কাজ। এই বাজারে আবেগ নয়, দরকার ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া। বিশেষ করে যাঁরা দীর্ঘমেয়াদে সুরক্ষিত সম্পদ চান, তাঁদের জন্য সোনা এখনও আস্থা রাখার জায়গা।
(এই প্রতিবেদনটি কেবলমাত্র তথ্যের জন্য। বিনিয়োগের আগে আপনার আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন।)