বর্ষা এলেই জলের তলায় ঘাটাল। প্রতিবারই আশ্বাসের বন্যা বয়ে যায়, কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan,) বাস্তবায়নে কোনো অগ্রগতি হয় না।
.jpeg.webp)
ফাইল ছবি।
শেষ আপডেট: 26 July 2025 15:42
দ্য ওয়াল ব্যুরো: বর্ষা এলেই জলের তলায় ঘাটাল। প্রতিবারই আশ্বাসের বন্যা বয়ে যায়, কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan,) বাস্তবায়নে কোনো অগ্রগতি হয় না। এবারও তার ব্যতিক্রম নয়। মাসখানেক আগেই কার্যত হাত ধুয়ে ফেলেছে কেন্দ্র ( Central Government )। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা শুধু প্রযুক্তিগত সহায়তা দিতে পারে, প্রকল্প রূপায়ণের দায় রাজ্যের।
এই পরিস্থিতিতে নতুন করে কেন্দ্রকে চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি। কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণচন্দ্র নায়েক জানান, কেন্দ্রের কাছে একাধিকবার আবেদন জানানো হয়েছে। গত ৪ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা হয়েছিল চিঠি। এরপর ২০২৫-২৬ আর্থিক বর্ষের বাজেট পেশের পর ফের কেন্দ্রের কাছে আর্থিক সহায়তার আবেদন করা হয়।
তবে সেই চিঠির উত্তর পেতে সময় লেগে যায় প্রায় আড়াই মাস। তারপর কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের তরফে জানানো হয়, ‘‘প্রযুক্তিগত সহায়তা দেওয়া যেতে পারে, কিন্তু বাস্তবায়নের দায় রাজ্যের।’’
উল্লেখ্য, ঘাটাল মাস্টার প্ল্যান প্রকল্পে অনুমোদিত বাজেট ১,২৩৮.৯৫ কোটি টাকা। এর মধ্যে কেন্দ্রীয় অংশ ৬০ শতাংশ, বাকি ৪০ শতাংশ রাজ্যের।
কিন্তু বাস্তবায়ন না হওয়ার ফলেই প্রতি বছর পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের ১৩টি ব্লকে প্রায় ১৮ লক্ষ মানুষ বন্যার কবলে পড়েন। প্লাবিত হয় প্রায় ১,৬৫০ বর্গ কিলোমিটার এলাকা। তবু রাজ্য-কেন্দ্রের দড়ি টানাটানির জেরে পরিস্থিতির পরিবর্তন কিছুতেই হচ্ছে না।