.jpeg)
নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 10 April 2025 18:24
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার দুপুর। গড়িয়াহাটের মোড়ে রাস্তায় দাঁড়িয়ে উনুনে রুটি সেঁকছেন রাজ্যের মন্ত্রী ( Chandrima Bhattachariya)। পাশের আর একটি উনুনে বসানো হল সবজিও!
চন্দ্রিমা ভট্টাচার্যর সঙ্গে রয়েছে দলের মহিলা বাহিনীও। কেউ রুটে বেলতে ব্যস্ত তো কেউ সবজির আলু কাটতে। অপর হাতে মাইক্রোফোন ধরে চন্দ্রিমা গলা ছেড়ে গাইছেন, 'আহা কী আনন্দ, আকাশে বাতাসে...!'
হঠাৎ কী হল? কেনই বা খোলারাস্তায় এভাবে রুটে সেঁকছেন মন্ত্রী! কৌতূহল নিয়ে এগিয়েও এলেন অনেকে। ঘটনার সূত্রপাত, গত ৮ এপ্রিল রান্নার গ্যাসের ১৪.২ সিলিন্ডার প্রতি ৫০ টাকা দাম বাড়িয়েছে গ্যাস সংস্থাগুলি। রান্নার গ্যাসের এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিন গ্যাসের পরিবর্তে উনুনে রান্না করতে দেখা যায় মন্ত্রীকে।
এতদিন কলকাতায় ১৪.২ রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৮২৯ টাকা। এখন থেকে তা বেড়ে হয়েছে ৮৭৯.০০ টাকা। দাম বেড়েছে উজ্জ্বলা গ্রাহকদের রান্নার গ্যাসেরও। এদিন অভিনব পদ্ধতিতে এর প্রতিবাদ জানান তৃণমূলের মহিলাবাহিনী।
পরে চন্দ্রিমা বলেন, "শুধু এলপিজি গ্যাস সিলিন্ডারই বাদ পড়েছিল মোদীজি...এবার তো দ্রব্যমূল্য বৃদ্ধির চাবুক উজ্জ্বলা যোজনার গরিব মহিলাদের সঞ্চয়ের পিঠেও পড়ল। লুট, তোলাবাজি, ধোঁকা এই শব্দগুলি মোদী সরকারের সমার্থক হয়ে গিয়েছে।"