
শেষ আপডেট: 10 September 2023 11:08
দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে জমে উঠেছে জি-২০ সম্মেলন (G20)। ২৫টি দেশের রাষ্ট্রপ্রধানরা এই সম্মেলনে অংশ নিয়েছেন। তালিকায় যেমন আছেন শেখ হাসিনা, জো বাইডেন থেকে ঋষি সুনক তেমনই এই সম্মেলনে অংশগ্রহণ করতে এসেছেন ব্রাজিলের রাষ্ট্রপ্রধান (Brazil president) লুই ইনাসিও লুলা দ্য সিলভা। শনিবার তাঁর মুখে শোনা গেল অস্কার প্রাপ্ত ছবি 'আরআরআর'-এর প্রশংসা।
অন্যান্য অনেক বিষয়ের মতোই ভারতীয় ছবি বরাবরই বিশ্বের দরবারে এক আলাদা গুরুত্ব পায়। ঠিক সেই বিষয়টিই যেন স্পষ্ট হয়ে উঠল জি-২০র গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনেও। প্রসঙ্গত, মাত্র কয়েক মাস আগেই চলতি বছরের শুরুর দিকে অস্কারের মঞ্চে ভারতকে গৌরবান্বিত করেছিল দক্ষিণী পরিচালক রাজামৌলি পরিচালিত 'আরআরআর' ছবিটি। এই ছবির 'নাটুনাটু' গানটি অস্কারের মঞ্চে সেরা গানের পুরস্কার জিতে নিয়েছিল। এবার সেই গানেরই প্রশংসা শোনা গেল ব্রাজিল রাষ্ট্রপ্রধানের মুখে।
তিনি বলেন, 'আরআরআর একটি অত্যন্ত মজাদার এবং বিনোদনমূলক ছবি। টানা ৩ ঘণ্টার এই ছবি যথেষ্ট উপভোগ্য।' আরআরআর-এ যে ভারতের উপর বৃটিশ শাসনের বিষয়টি দেখানো হয়েছে তাও উল্লেখ করেন দ্য সিলভা। তাঁর কথায়, 'আমি বিশ্বাস করি এই ছবি ব্লকবাস্টার হওয়ার মতো সবরকম উপাদান আছে।' ব্রাজিল রাষ্ট্রপ্রধান জানান, তাঁকে অনেকেই এই ছবিটি দেখতে অনুরোধ জানিয়েছিলেন। পাশাপাশি তিনি নিজেও ছবিটি সকলকে দেখতে অনুরোধ করেন, মন্তব্য রাষ্ট্রপ্রধানের।
https://twitter.com/TheAakashavaani/status/1700765657166741576?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1700765657166741576%7Ctwgr%5E43b5a3c5eeede06e3b7476cc0d61fc738afc1cee%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Fshowbuzz
স্বাভাবিক ভাবেই বিদেশি রাষ্ট্রপ্রধানের থেকে ছবির প্রশংসা শুনে উচ্ছ্বসিত পরিচালক এস এস রাজামৌলি। তিনি এক্স হ্যান্ডলে লেখেন, 'স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে ভারতীয় ছবির উল্লেখ করেছেন এবং আরআরআর যে আপনার ভাল লেগেছে তা জেনে আনন্দ হচ্ছে।' রাজামৌলির কথায় 'আরআরআর' ছবির টিম সত্যিই খুব প্রাণবন্ত ছিল। বিদেশি রাষ্ট্রপ্রধানকে ভারতে আনন্দঘন সময় কাটানোর শুভেচ্ছা জানান রাজামৌলি।
প্রসঙ্গত, জি-২০ সম্মেলন শুরু হয়েছে গতকাল অর্থাৎ শনিবার থেকে। ৯ এবং ১০ সেপ্টেম্বর দু'দিন ধরে চলবে এই সম্মেলন। অতিথিদের আপ্যায়নের কোনও ত্রুটি রাখেননি মোদী সরকার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তত্ত্বাবধানে ভারতের নানা প্রদেশের পদ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে জি-২০র মেনু। সোনা-রুপোর থালায় অতিথিদের খাবার পরিবেশন করা হয়েছে। চলতি বছরটি আন্তর্জাতিক বাজরা বছর হওয়ায় অতিথিদের খাবারে দেখা গিয়েছে বাজরার আধিক্য। অন্যদিকে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান শেখ হাসিনার সঙ্গে আমেরিকার রাষ্ট্রপতি বাইডেনের ছবিও দেখা গিয়েছে জি-২০র মঞ্চে যার গুরুত্ব রাজনৈতিক ক্ষেত্রে অপরিসীম।
বিকাশ সাঁতার কাটছে! প্রধানমন্ত্রীর সাধের ভারতমণ্ডপমে জল থইথই, কটাক্ষ বিরোধীদের