দ্য ওয়াল ব্যুরো: ফ্রেন্ডশিপ ডে-তে বেড়াতে নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল মহারাষ্ট্রের থানের দুই যুবকের বিরুদ্ধে।
পুলিশ জানিয়েছে, রবিবার বছর ১৬'র ওই মেয়েটিকে ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেট করার জন্য ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয় ওই দুই যুবক। এরপর মেয়েটিকে নিয়ে বম্বিভেলির মাছের ভেড়ির কাছে একটি বাড়িতে যায় তারা। অভিযোগ, সেখানেই ওই মেয়েটিকে ধর্ষণ করে ওই দুই যুবক। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বয়স ১৮ এবং ২২। এদের মধ্যে একজন কলেজে পড়ে। আরেকজনের মাছের ভেড়ির ব্যবসা রয়েছে।
ধর্ষণের পর মেয়েটিকে তার বাড়ির সামনে ছেড়ে দিয়ে যায় ওই দুই অভিযুক্ত। এরপর বম্বিভেলি থানায় অভিযোগ দায়ের করে ওই নাবালিকা। এই ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে বম্বিভেলি থানার পুলিশ। নির্যাতিতা মেয়েটি পুলিশকে জানিয়েছে, ওই দু'জন তার পূর্ব পরিচিত। এই ঘটনার কথা কাউকে জানালে মেয়েটির অবস্থা আরও খারাপ করে দেওয়ার হুমিকও দেয় ওই দুই যুবক। পুলিশের কাছে এমনটাই অভিযোগ করেছে ওই নাবালিকা।
পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ডি(গণধর্ষণ) এবং পকসো আইনে ওই দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।