উৎসবের সঙ্গে জড়িয়ে পড়েছেন শিল্পীরাও। ঢাকের তালে উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করতে এসে পড়েছেন বহু জেলার ঢাকিরা। ঐতিহ্য, ভক্তি, আনন্দ আর সংস্কৃতির মেলবন্ধনে তাই আজ আবার উৎসবের রঙে রঙিন শান্তিপুর। বুধবার রাস পূর্ণিমা। মেতে উঠছেন ভক্তরা।

শেষ আপডেট: 4 November 2025 13:10
কাজল বসাক, নদিয়া: সাজো সাজো রব নদিয়ার শান্তিপুরে। প্রায় সাড়ে চারশো বছরের ঐতিহ্য বহন করে আজও নিষ্ঠা ও নিয়মের সঙ্গে পালিত হচ্ছে এই প্রাচীন রাস উৎসব। ইতিহাস ঘেঁটে জানা যায়, অদ্বৈত আচার্যের হাত ধরেই শান্তিপুরে রাসযাত্রার সূচনা। প্রথম দিকে রাস উৎসব পালিত হতো শুধু বড় গোস্বামী বাড়ি ও বিগ্রহবাড়িগুলিতে। পরে ঘটে এক অবাক করা ঘটনা। রাধারমন জিউর বিগ্রহ চুরি যায়। অদ্বৈত আচার্যের পৌত্র মথুরেশ গোস্বামী যশোর থেকে সেই বিগ্রহ পুনরুদ্ধার করেন। তখন থেকেই সিদ্ধান্ত হয়, রাধা-কৃষ্ণ যুগলরূপে পূজিত হবেন। সেই দিন থেকেই শান্তিপুরে রাধারানির বিগ্রহ স্থাপন করে শুরু হয় তিন দিনব্যাপী রাসযাত্রার নতুন অধ্যায়।
বর্তমানে এই উৎসব শুধু গোস্বামী বাড়িতে সীমাবদ্ধ নয়। শহরের বিভিন্ন প্রান্তে বারোয়ারি কমিটিগুলি নানা থিমে মণ্ডপ সাজিয়ে তোলে, থিমভিত্তিক সাজসজ্জা ও আলোর কারুকার্যে শান্তিপুরের রাস্তাঘাট রূপ নেয় মেলার মাঠে। ইতিমধ্যেই নদিয়ার শান্তিপুর বড় গোস্বামী বাড়িতে ভিড় জমতে শুরু করেছে দূরদূরান্ত থেকে আসা ভক্ত ও দর্শনার্থীদের।