
শেষ আপডেট: 21 April 2024 18:41
দ্য ওয়াল ব্যুরো: রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর ঠিকানা এখন প্রেসিডেন্সি জেল। ফের একবার জেলে অসুস্থ হয়ে পড়লেন জ্যোতিপ্রিয়। প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, প্রবল গরমে শনিবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।
রেশন দুর্নীতি কাণ্ডে ম্যারাথন জেরার পর রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারপর ইডি হেফাজত শেষে এখন জেলেই আছেন তিনি। সূত্রের খবর, শনিবার দুপুরে আচমকা অসুস্থ বোধ করতে থাকেন জ্যোতিপ্রিয়। তাঁর নাক দিয়ে রক্ত বেরোতে থাকে। এছাড়াও হাইপারটেনশন সহ জ্যোতিপ্রিয়র একাধিক সমস্যা থাকায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আপাতত চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
দীর্ঘদিন সুগার এবং প্রেশার জনিত সমস্যায় ভুগছেন জ্যাতিপ্রিয়। তার উপর গ্রীষ্মের দাবদাহে জেলে হাঁসফাঁস অবস্থা। জেল সূত্রে খবর, এখনও পর্যন্ত জেল হাসপাতাল বা অন্য কোনও হাসপাতালে জ্যোতিপ্রিয়কে নিয়ে যাওয়া হয়নি। আপাতত জেলের সেলের মধ্যেই তাঁর চিকিৎসা চলছে। দফায় দফায় চিকিৎসকরা এসে দেখে যাচ্ছেন তাঁকে। প্রাক্তন মন্ত্রীর অবস্থা আশঙ্কাজনক না হলেও, খুব একটা স্থিতিশীলও নয়। ইতিমধ্যে বালুর পরিবারকে এবিষয়ে জানানো হয়েছে।
জ্যোতিপ্রিয় মল্লিকের হাইপারগ্লাইসেমিয়া রয়েছে। ডায়াবেটিসে আক্রান্ত রোগীর রক্তে শর্করার মাত্রা যখন-তখন বাড়তে পারে। সাধারণত রক্তে শর্করার পরিমাণ ১১.১ মিলিলিটারের চেয়ে বেশি হলে ‘হাইপারগ্লাইসেমিয়া’ অবস্থা তৈরি হয়। আর তখনই বাড়ে স্ট্রোকের আশঙ্কা। অনেক সময় দেখা যায়, প্রচণ্ড মানসিক চাপ ও উদ্বেগে রক্তে শর্করার মাত্রা বাড়ে। অতিরিক্ত স্ট্রেস বাড়িয়ে দিতে পারে দেহের কর্টিসোল ও অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণের মাত্রা। এই হরমোনগুলির ভারসাম্য নষ্ট হলেও রক্তে শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে। এছাড়া কিডনির অসুখ আগেই ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের। শনিবার অসুস্থ হওয়ার পর মেডিসিন, ডায়াবেটিক এবং কার্ডিয়োলজিস্ট বিভাগের ডাক্তারদের ডেকে পাঠানো হয়েছে বলে জেল সূত্রের খবর।
চলতি বছরের ১৩ জানুয়ারি থেকে টানা প্রেসিডেন্সি জেলে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। ইতিমধ্যে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে একাধিক বার আদালতে জামিনের আবেদন জানিয়েছে জ্যোতিপ্রিয়র পরিবার। কিন্তু প্রতিবারই সেই আবেদন মঞ্জুর করেনি আদালত। এরই মধ্যে গত ফেব্রুয়ারি মাসে তাঁকে রাজ্য মন্ত্রিসভা থেকে সরানো হয়েছে।