
ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 15 March 2025 11:14
দ্য ওয়াল ব্যুরো: ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের (Footballer PK Banerjee) সল্টলেকের বাড়িতে খুন। খুন হলেন বাড়ির পরিচারক। ড্রাইভারের সঙ্গে বচসার জেরে খুন বলে পুলিশের প্রাথমিক অনুমান। অভিযুক্ত গাড়ি চালককে গ্রেফতার করেছে পুলিশ।
পিকে বন্দ্যোপাধ্য়ায় ও তাঁর স্ত্রীর অবর্তমানে এখন তাঁর মেয়েরা থাকেন ওই বাড়িতে। সেই বাড়িতেই শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ বাড়ির পরিচারককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। বিধাননগর মিউনিসিপ্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
জানা গেছে, দোলের দিন মদ খাওয়া নিয়ে বাড়ির গাড়িচালক বরুণ ঘোষের সঙ্গে বচসা হয়েছিল পরিচারক ভগীরথ মুহুরির। অভিযোগ, বেশি রাতে অস্ত্র নিয়ে ভগীরথের উপর চড়াও হয় বরুণ। এলোপাথাড়ি কোপানো হয় তাঁকে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। তাঁর চিৎকারে ছুটে আসেন আশেপাশের লোকজন।
খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। জাতীয় দলের প্রয়াত ফুটবলার ও কোচের বাড়িতে এমন ঘটনায় সাড়া পড়ে যায় গোটা এলাকায়। সল্টলেকের জিডি ব্লক সম্ভ্রান্ত একটি এলাকা। সেখানে দোলের দিন এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা।
তদন্তে নেমে বরুণকে গ্রেফতার করেছে পুলিশ। নেহাতই মদ খাওয়া নিয়ে গন্ডগোল, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতকে শনিবার আদালতে তুলে হেফাজতে চেয়ে আবেদন করেছে পুলিশ।