দ্য ওয়াল ব্যুরো: প্রাণের ঝুঁকি নিয়ে রোগীদের চিকিৎসা করছেন যে ডাক্তার-নার্স ও স্বাস্থ্যকর্মীরা, তাঁদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করল মোদী সরকার। ২১ দিনের লকডাউনে গরিব মানুষের জন্য এক লক্ষ ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে। তার মধ্যে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের যেমন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, স্যানিটেশন স্টাফ, আশা কর্মী, প্যারামেডিক্স স্টাফদের জন্য মাথাপিছু ৫০ লক্ষ টাকার বিমা ঘোষণা করা হয়েছে।
ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ছ’শো ছাড়িয়েছে। এই মহামারীর মোকাবিলা করতে প্রতি দেশকে বিশেষ অ্যাকশন প্ল্যান নেওয়ার জন্য বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। বিশেষত যাঁরা ফ্রন্টলাইন স্টাফ অর্থাৎ হাসপাতাল কর্মী, স্বাস্থ্যকর্মী, ডাক্তার-নার্স অথবা কোয়ারেন্টাইনে পর্যবেক্ষণে থাকা রোগীদের দেখাশোনা করছেন, তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, মারণ ভাইরাসের সংক্রমণ রুখতে যে স্বাস্থ্যকর্মীরা দিবারাত্র পরিশ্রম করছেন, তাঁদের জন্য ৫০ লক্ষ টাকার মেডিক্যাল ইনসিওরেন্স করে দেওয়া হবে।
ভারতে করোনা সংক্রমণ ঠেকাতে রাজ্যে রাজ্যে সরকারি, বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমগুলিতে আইসোলেশন ওয়ার্ড বাড়ানো হয়েছে। তৈরি হয়েছে নতুন কোয়ারেন্টাইন সেন্টার। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ জানিয়েছে, কোভিড-১৯ টেস্টের জন্য সরকারি ও বেসরকারি হাসপাতাল ছাড়াও দেশের আরও ১১১টি ল্যাবরেটরিকে দায়িত্ব দেওয়া হয়েছে। অসংখ্যা মেডিক্যাল ও প্যারামেডিক্যাল স্টাফ প্রাণের ঝুঁকি দিয়ে দিবারাত্র ভাইরাস আক্রান্ত রোগীদের নমুনা পরীক্ষা করছেন, তাঁদের সংস্পর্শে থেকে চিকিৎসা করছেন। তাই এই কর্মীদের সুবিধার জন্যই এই মেডিক্যাল ইনসিওরেন্সের ঘোষণা করল মোদী সরকার।
জানানো হয়েছে, কোনওভাবে রোগীর চিকিৎসা করতে গিয়ে ডাক্তার, নার্স বা স্বাস্থ্যকর্মীরা যদি আক্রান্ত হন, তাহলে তাঁদের জরুরি চিকিৎসার জন্য এই বিমার টাকা প্রয়োজন হবে। দেশের প্রায় ২০ লক্ষ মেডিক্যাল ও প্যারামেডিক্যাল স্টাফ এতে বিশেষভাবে উপকৃত হবেন।