
পুরুলিয়ায় বাইক-টোটোয় বেপরোয়া লরির ধাক্কা
শেষ আপডেট: 11 May 2024 10:36
দ্য ওয়াল ব্যুরো: রাতের অন্ধকারে পুরুলিয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে। বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হয়েছে ৫ জনের। আহত হয়েছেন ৬। ঘটনাটিকে কেন্দ্র করে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়ক লাগোয়া এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শনিবার সকাল থেকে ব্যাহত হয় যানচলাচল।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শুক্রবার রাতে পুরুলিয়া থেকে বরাকরগামী একটি লরি প্রথমে যাত্রীবোঝাই একটি টোটোকে ধাক্কা দেয়। নিয়ন্ত্রণ হারিয়ে পরে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পাথর বোঝাই লরিটি পুরুলিয়া-বরাকর রাজ্য সড়ক ধরে আসানসোলে যাচ্ছিল। শর্বরীর কাছে লরিটি পাথর খালি করে। এরপর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর বাইক-টোটোয় ধাক্কা মারে। পথচারীদেরও ধাক্কা মারে লরিটি।
দুঘর্টনার পরই বিকট আওয়াজ পেয়ে দ্রুত ছুটে যান স্থানীয় বাসিন্দারা। তাঁরা দেখতে পান, টোটোর যাত্রীরা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাড়মাড্ডি গ্রামীণ হাসপাতাল নিয়ে যায়। সেখানেই চিকিৎসকেরা পাঁচ জনকে মৃত বলে ঘোষণা করেন। ১১ জন আহতদের চিকিৎসা শুরু হয়। এদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
পুরুলিয়া-পশ্চিম বর্ধমান সীমান্তে দিশেরগড় ঘাটে নাকা তল্লাশিতে পরে ঘাতক লরিটিকে আটক করে পুলিশ। শনিবার সকাল থেকে পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের উপর বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে পথ অবরোধ চলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। শনিবার সকাল থেকেই এলাকায় থমথমে পরিবেশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় নিহত ও আহতরা সকলেই স্থানীয় বাসিন্দা। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এখনও পর্যন্ত মৃত পাঁচজনের পরিচয় জানা যায়নি। ওই লরির গতি কত ছিল, চালক মদ্যপ ছিল কিনা সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখছে পুলিশ।