.jpeg)
ফিরহাদ হাকিম।
শেষ আপডেট: 20 January 2025 20:48
দ্য ওয়াল ব্যুরো: আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ খুনের মামলায় সোমবার সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়ার পাশাপাশি বিচারক অনির্বাণ দাস বলেছেন, এটি বিরলতম ঘটনা নয়।
আদালতের এহেন রায়ের জন্য সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকেই দায়ী করেছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। একই সঙ্গে আরজি কর মামলায় তাড়াহুড়ো করে কলকাতা পুলিশের হাত থেকে সিবিআইকে তদন্তভার দেওয়ার জন্য হাইকোর্টের সে সময়ের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন ফিরহাদ।
ফিরহাদের কথায়, "কলকাতা পুলিশ সঠিকভাবেই তদন্ত করছিল। ডাক্তারি ছাত্রী খুনের ঘটনায় যারা বিচারের নামে রাজনীতি করতে গিয়েছিল তারা হচ্ছে আসল ক্রিমিনাল।" নাম না করে আরজি করের আন্দোলনরত পড়ুয়া এবং বিজেপিকে নিশানা করতে চেয়েছেন ফিরহাদ।
সম্প্রতি ফারাক্কা, জয়নগর, গুড়াপের ধর্ষণ, নারী নির্যাতনের মামলায় রাজ্য আদালতে অপরাধীর ফাঁসির সাজা নিশ্চিত করেছে। ওই প্রসঙ্গ টেনে ফিরহাদ বলেন, "সিবিআইয়ের অপদার্থতার জন্যই সঞ্জয় রায়ের ফাঁসি হল না।" এরপরই সে সময় কলকাতা পুলিশের হাত থেকে তদন্তভার কেড়ে নেওয়া নিয়ে হাইকোর্টের প্রসঙ্গে বড় প্রশ্ন তুলেছেন কলকাতার মেয়র।
ফিরহাদের কথায়, "যেখানে অপরাধীদের ফাঁসির সাজা দেওয়ার ক্ষেত্রে সিবিআইয়ের চেয়ে রাজ্যের সাফল্যের হার বেশি, সেখানে কেন রাজ্যকে সুযোগ দেওয়া হল না?"
সিবিআইয়ের ব্যর্থতাতেই আরজি কর মামলাকে আদালত 'বিরলতম' আখ্যা দিল না বলে দাবি করে ফিরহাদ বলেন, "এটা অবশ্যই বিরলতম ঘটনা। একটা মেয়ে ৪৮ ঘণ্টা নিজের কাজ করে বিশ্রাম করছিল। তাকে ধর্ষণ করে খুন করা হল! এর থেকে অমানবিক আর কী হতে পারে? পশু ও এটা করে না!"