
ঘটনাস্থলের ছবি
শেষ আপডেট: 1 April 2025 00:08
দ্য ওয়াল ব্যুরো: পর পর বিকট শব্দে কেঁপে উঠল এলাকা। ধোঁয়ায় ঢাকল চারিদিক। বিস্ফোরণ (Patharpratima Blast) দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার ঘেরি এলাকার একটি বাড়িতে। ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছে। রয়েছে চার শিশু। মনে করা হচ্ছে, ওই বাড়িতে বাজি তৈরি হচ্ছিল। বাজি বানাতে গিয়েই বিস্ফোরণ হয়।
ঘটনায় প্রভাতী বণিক (৮০), সান্ত্বনা বণিক (২৮), অর্ণব বণিক (৯), অস্মিতা বণিক (৬ মাস), অঙ্কিত বণিক (৬ মাস), অরবিন্দ বণিক (৬৫), অনুস্কা বণিক (৬)-এর মৃত্যু হয়েছে। এদিন স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভান। ঘটনাস্থলে পরে পৌঁছয় দমকল ও পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ আচমকা বিকট শব্দ শোনা যায়। কিছু সময় পরেই দেখা যায়, একটি বাড়ি দাউদাউ করে জ্বলছে। তখনই শুরু হয় হইচই। আগুন নেভানোর সময় পর পর বিস্ফোরণের শব্দ শোনা যায়। পুলিশ এসে উদ্ধারকাজ শুরু করে।
অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। স্থানীয়দের একাংশের ধারণা, বাড়ির ভিতরে বাজি মজুত ছিল, যা বিস্ফোরণের কারণ হতে পারে। বাসন্তী পুজো উপলক্ষে ওই বাড়িতে বাজি তৈরি করা হচ্ছিল। অনেকের মতে, রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে এই দুর্ঘটনা ঘটেছে। অনেকে আবার বলছে, প্রথমে গ্যাস সিলিন্ডার ফেটে যায়। সেখান থেকে আগুন বাড়িতে ছড়িয়ে পড়ে। যেহেতু বাড়িটিতে বাজি মজুত ছিল, তাই পর পর বিস্ফোরণ শুরু হয়।
পাথরপ্রতিমার বিধায়ক সমীরকুমার জানা জানান, 'বাজি তৈরির সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে, যার ফলে পুরো বাড়িতে আগুন ধরে যায়। বাড়ির ভিতরে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে ঢোলাহাট থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।'
এই নিয়ে এই মুহূর্তে পুলিশ কিছু জানাতে চায়নি। ঘটনাস্থল সিল করা হয়েছে। এলাকা মঙ্গলবার যাবে ফরেন্সিক টিম।