
শেষ আপডেট: 13 November 2023 13:20
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: ট্রেনের ব্রেক থেকে ধোঁয়া ও আগুনের স্ফুলিঙ্গ বেরোতে দেখে আতঙ্ক ছড়াল ধৌলি এক্সপ্রেসে। হাওড়া থেকে ছেড়ে কিছুটা গিয়েই আন্দুল স্টেশনের কাছে ট্রেনের নীচ দিয়ে ধোঁয়া বেরতে দেখেন যাত্রীরা। তাতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেওয়া হয়। আতঙ্কে নেমে পড়েন যাত্রীরা।
মাঝপথে যাত্রীদের ট্রেন থামিয়ে নামতে দেখে এলাকার মানুষ ছুটে আসেন। তাদের সহায়তায় রেল কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে ছুটে যান ইঞ্জিনিয়ারিরা। ব্রেক মেরামতির কাজ শুরু করেন তাঁরা।
দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। ব্রেক জ্যাম অর্থাৎ রেলের পরিভাষায় ব্রেক বাইন্ডিং হয়েছিল। এটা খুবই সাধারণ ব্যাপার। কিছুক্ষণের মধ্যেই ব্রেক মেরামত করে দেওয়া হয়। যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন।
মাছিলা বারিপুরের প্রধান উপপ্রধান ও এক পঞ্চায়েত সদস্য জানান, ''ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়েছিলাম। সেখানে যাত্রীদের সাহায্যের হাত বাড়িয়ে দিই। ঘটনা নিয়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল। তাদের পাশে আমরা দাঁড়াই। ট্রেনটি নিরাপদে গন্তব্যের দিকে রওনা দিয়েছে। ''