
শেষ আপডেট: 3 April 2024 14:00
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: একটি কারখানায় আগুন লাগায় আতঙ্ক ছড়াল হাওড়ায়। বুধবার ঘটনাটি ঘটে ব্যাঁটরা থানা এলাকার বৃন্দাবন মল্লিক লেনে। সেখানে একটি হিট ট্রিটমেন্ট কারখানায় আগুন লাগে। ওই এলাকা ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন স্থানীয় কয়েকজন ওই কারখানা থেকে গল গল করে ধোঁয়া বেরতে দেখেন। সেই ধোঁয়া ক্রমশ এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দমকলে খবর দেন। আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। খবর পেয়ে ব্যাঁটরা থানার পুলিশও সেখানে পৌঁছয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা।
স্থানীয় বাসিন্দা অসিত মালের অভিযোগ, ঘনবসতিপূর্ণ এলাকায় এই কারখানা নিয়ে অনেকবারই তাঁরা আপত্তি জানিয়েছিলেন। কিন্তু তাঁদের আপত্তিকে কারখানার মালিক বা বাড়িওয়ালা কেউই গুরুত্ব দেননি।
হাওড়া দমকল বিভাগের ও সি সোমনাথ প্রামাণিক বলেন, ‘সরু রাস্তা হওয়ার কারণে ঘটনাস্থলে দমকলের গাড়ি পৌঁছতে অসুবিধা হচ্ছিল। পরে সেখানে গাড়িগুলি কোনওরকমে পৌঁছয়। দুটি ইঞ্জিনের সাহায্যে দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে ফেলেন দমকলকর্মীরা। ওই কারখানার জন্য দমকল বিভাগ থেকে কোনও অনুমতি দেওয়া হয়নি। কেবলমাত্র ট্রেড লাইসেন্সের ওপরে চলছে কারখানাটি।‘ যদিও এ ব্যাপারে কারখানার মালিক এবং বাড়িওয়ালা কেউই প্রতিক্রিয়া দিতে চাননি।