বিস্ফোরণে অন্তত চার জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের সকলকেই উন্নত চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হয়েছে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 10 January 2026 13:58
দ্য ওয়াল ব্যুরো: চম্পাহাটিতে (Champahati News) ফের বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি লাইসেন্সপ্রাপ্ত ওই কারখানায় বাজি (Fire Crackers Factory) তৈরির মশলায় ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। বিস্ফোরণে অন্তত চার জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের সকলকেই উন্নত চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রের খবর।
কারখানাটি বসতি এলাকা থেকে কিছুটা দূরে থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তবে কারখানার সামগ্রী মজুত রাখার জন্য তৈরি পাকা বাড়িটি বিস্ফোরণের জেরে ভেঙে পড়ে। ঘটনার খবর পেয়ে দ্রুত দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।
শনিবার দুপুর প্রায় ১টা। কারখানায় স্বাভাবিকভাবেই কাজ চলছিল। সেই সময়ই আচমকা ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। প্রত্যক্ষদর্শীদের দাবি, একের পর এক, অন্তত দু’থেকে তিন বার বিকট শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা।
তাঁদের চোখের সামনে ধসে পড়ে বাজি কারখানার একটি অংশ। অ্যাসবেস্টসের ছাউনি ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে চারদিকে। বিস্ফোরণের অভিঘাতে পাশের আরও তিনটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। কারখানার ভিতরে কাজ চলাকালীন বিস্ফোরণের ফলে চার জন শ্রমিক গুরুতরভাবে দগ্ধ হন। প্রথমে তাঁদের বারুইপুরে নিয়ে যাওয়া হয়, পরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
স্থানীয়দের বয়ান অনুযায়ী, দুপুরে পরপর বিস্ফোরণের শব্দ শোনার পরেই তাঁরা বুঝতে পারেন বাজি তৈরির কারখানায় বড়সড় দুর্ঘটনা ঘটেছে। ওই কারখানার মালিক বিধান মণ্ডল বলে জানা গিয়েছে। তবে কারখানাটি বৈধ লাইসেন্সপ্রাপ্ত ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে বারুইপুর জেলা পুলিশ। বিস্ফোরণস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
উল্লেখযোগ্য ভাবে, এর আগেও ২০২৪ সালের ডিসেম্বর মাসে চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। নতুন বছরের শুরুতেই ফের সেই স্মৃতি আতঙ্কের ছায়া ফেলল এলাকায়।