
শেষ আপডেট: 2 March 2024 20:37
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে ডাক্তার নির্মলকুমার সাহার। সে খবর কানে আসার পরেই ডাক্তারবাবুর প্রতিক্রিয়া, অধীরদার বিরুদ্ধে লড়াইটা বেশ কঠিন।
জেনারেল সার্জেন হিসেবে বহরমপুরে বেশ পরিচিতি রয়েছে নির্মলবাবুর। রানিবাগানে নিয়মিত চেম্বার করেন। এছাড়াও শহরের একাধিক নার্সিংহোমে রোগী দেখেন তিনি। তবে রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ কোনও যোগ নেই। এদিন বিজেপির টিকিট পাওয়ার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন, "আমি রাজনীতিতে ছিলাম না এটা বললে আমি স্বীকার করব না। কারণ প্রত্যেকটা মানুষের নিজস্ব রাজনৈতিক ভাবনা রয়েছে। প্রত্যেকটা মানুষ নিজের মতো করে রাজনীতি করেন। তবে এটা ঠিক, ডাক্তারি করতাম। অ্যাকটিভ পলিটিক্সে ছিলাম না। "
বহরমপুর মানেই কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। ১৯৯৯ সাল থেকে সংসদের সদস্য তিনি। রেলের প্রতিমন্ত্রীও হয়েছেন। জনপ্রিয়তাও বিশাল। তাঁর পরিচিতির ছায়ার সমান্তরালেই যে নিজের লড়াইয়ের ক্ষেত্রটা প্রস্তুত করতে হবে তা বুঝতে পারছেন ডাক্তারবাবু। নিজেই তুললেন সেই প্রসঙ্গ। বললেন, "অধীরদার সঙ্গে লড়াই করা মানে সত্যিই কঠিন কাজ। তবে আবার দেখতে গেলে কোনও কাজই কঠিন নয়। আমরা দুজনেই নিজেদের আদর্শের কথা বলব। আমি মোদীর কথা বলব। অধীরদা তাঁর কর্মসূচি ও তাঁর নেতাদের কথা বলবেন। এভাবেই হবে লড়াই।"
এতদিন মানুষের জীবন বাঁচানোর লড়াইয়ে ছিলেন নির্মল। এবার বিজেপি প্রার্থী করায় ক্ষেত্রটা পাল্টে যাচ্ছে। তাই সময় নষ্ট না করে শনি সন্ধে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন বহরমপুরের ডাক্তারবাবু।