
শেষ আপডেট: 18 November 2022 17:00
দ্য ওয়াল ব্যুরো: আর ঠিক দুদিন। রবিবার থেকেই কাতারের শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ (Qatar World Cup 2022)। তার আগেই নির্দেশিকা জারি করে বিশ্বকাপের ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে বিয়ার বিক্রি (beer selling) বন্ধ করে দিল ফিফা (FIFA)।
কিছুদিন আগে একটি নির্দেশিকায় বলা হয়েছিল, কয়েকটি বিধি নিষেধ জারি করলেও স্টেডিয়ামে থাকা দর্শকদের মদ্যপানের অনুমতি দেওয়া রয়েছে। কিন্তু টুর্নামেন্ট শুরুর ঠিক দুদিন আগে তার একেবারে উল্টো অবস্থান নিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। শুক্রবার একটি বিবৃতি জারি করে ফিফা জানিয়েছে, স্টেডিয়াম বা তার সংলগ্ন অঞ্চলে বিয়ার বিক্রি করা যাবে না। শুধুমাত্র হসপিটালিটি বক্সের দর্শকদের মদ্যপানের অনুমতি থাকছে। এছাড়া শুধুমাত্র কয়েকটি নির্দিষ্ট ফ্যান জোন এবং হোটেলে বিয়ার বিক্রি করা হবে। কাতারের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফিফা।
কাতারে আটটি স্টেডিয়ামের বাইরে ইতিমধ্যেই অস্থায়ী বিয়ারের দোকান তৈরি হয়ে গিয়েছিল। তবে ফিফার শুক্রবারের নতুন নির্দেশিকার পর সেই দোকানগুলি সরিয়ে নেওয়া হচ্ছে।
এমন সিদ্ধান্তের জন্য ফিফা আর্থিক ক্ষতির মুখেও করতে পারে বলে অনুমান করা হচ্ছে। বিখ্যাত বিয়ার প্রস্তুতকারক সংস্থা বাডওয়াইজার ফিফার স্পন্সরদের মধ্যে অন্যতম। বিশ্বকাপের সময় কাতারে তাদের বিয়ার বিক্রি করার কথা ছিল। স্টেডিয়ামে বিয়ারের দোকানও তৈরি করে ফেলেছিল তারা। কিন্তু ফিফার নয়া এই ঘোষণার পর অপেক্ষারত কম লাভজনক জায়গায় দোকানগুলি সরিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে। এতে বিপুল আর্থিক ক্ষতি মুখে পড়তে চলেছে বাডওয়াইজার।
এই অবস্থায় ফিফা নিজেদের বিবৃতিতে বাডওয়াইজারের মালিক এবি ইনবেভের নাম উল্লেখ করে জানিয়েছে, ইনবেভের কাছে তারা কৃতজ্ঞ। 'সমস্ত পরিস্থিতি বুঝে আমাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছে তারা,' বিবৃতিতে জানিয়েছে ফিফা। কিন্তু ইনবেভের তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি। সূত্রের খবর এই অবস্থায় ফিফার বিরুদ্ধে মামলা রুজু করতে পারেন ইনবেভ। সেক্ষেত্রে ভারতীয় মুদ্রায় প্রায় ৬০০ কোটি টাকা আর্থিক জরিমানা দিতে হতে পারে ফিফাকে।
ভাবতে পারেন, কাতারের নয়নাভিরাম স্টেডিয়ামের রূপকার বাঙালি ওয়াশিকুর!