
লোকসানের ভয়ে সময়ের আগেই আম পেড়ে নিচ্ছেন নদিয়ার চাষিরা
শেষ আপডেট: 26 May 2024 13:02
দ্য ওয়াল ব্যুরো: এবছর আমের ফলন তেমন হয়নি। যতটা ফলন হয়েছে, তা বিক্রি করে সামান্য লাভ নিয়েই সন্তুষ্ট থাকতে হবে আম চাষিদের। এই অবস্থায় জামাই ষষ্ঠীর বাজারের উপর ভরসা রাখছিলেন আম চাষিরা। কিন্তু রেমাল ঘূর্ণিঝড়ের কারণে ফল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা ঘনিয়েছে। তাই আগে ভাগেই গাছ থেকে আম পেড়ে নিতে বাধ্য হচ্ছেন নদিয়ার আম চাষিরা।
মালদহ বা মুর্শিদাবাদের মতো নদিয়াতেও বিঘে বিঘে জমিতে আম চাষ হয়। শান্তিপুর ফুলিয়ার আমের চাহিদাও রয়েছে বাজারে। রবিবার সকাল নদিয়াতেও রেমাল আসার প্রভাব পড়েছে। আকাশের মুখ ভার, তার সঙ্গে বইছে ঝড়ো হাওয়া। তাই ফসল বাঁচাতে এলাকার বাগানগুলিতে আম পেড়ে নেওয়ার হিড়িক পড়েছে।
প্রতিবছর জামাইষষ্ঠীকে সামনে রেখে আমের দাম বাড়া-কমা করে। এ বছর যেহেতু ভাল ফলন হয়নি তাই দামও কিছুটা বাড়বে বলেই মনে করছেন চাষিরা। যেটুকু ফলন হয়েছে, সেগুলিকে আগলে রাখতে দুই-তিন মাস ধরে পরিশ্রম করে চলেছেন আম চাষিরা। কিন্তু সেই মেহনতে জল ঢেলে দিচ্ছে রেমাল।
ইতিমধ্যেই একটু একটু করে গাছে আম পাকতে শুরু করেছিল। চাষিরা ভেবেছিলেন, আর কয়েকদিন বাদে আম পাড়া শুরু করবেন। কিন্তু তাঁদের সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছে বর্ষা শুরুর আগের এই ঘূর্ণিঝড়। তাই লোকসানের ভয়ে আম পাড়া হয়ে যাচ্ছে শান্তিপুর, ফুলিয়ায়।