দ্য ওয়াল ব্যুরো: ভোটের আগেও শহরের একাধিক জায়গায় থেকে কোটি টাকার জাল নোট ও হিসাব বহির্ভূত নগদ টাকা উদ্ধার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফের গোয়েন্দারা। ভোটের মরসুমে ফের জাল নোট পাচারের অভিযোগে ধরা পড়ল চার জন। পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় এক কোটি টাকার জাল নোট।
ভোটের সময় শহরে ফের জাল নোটের কারবারিরা সক্রিয় হয়ে উঠেছে এমন খবর আগেই পেয়েছিল পুলিশ। শহরের অন্ত ১২টি জায়গায় বৃহস্পতিবার তল্লাশি চালায় এসটিএফের পাঁচটি দল। বড়বাজার ও পোস্তা থানা এলাকা থেকে ধরা পড়ে চারজন। তাদের কাছ থেকে ১ কোটি ৬ হাজার টাকার জাল নোট বাজেয়াপ্ত করেছে পুলিশ।
ধৃতদের নাম, গৌরব প্রজাপতি, অজয় সারোগি. মনোজ কুমার সিং এবং রাজেশ কুমার। তদন্তকারীদের কথায়, বড়বাজার, জোড়াবাগান, বৌবাজার ও পোস্তার আরও কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হয়েছে। ধৃতদের জেরা করে বাকি পাচারকারীদের পাকড়াও করার চেষ্টা করছে পুলিশ।
গত ৯ মার্চ বৌবাজার থানা এলাকার চাঁদনি চক এবং নিউ মার্কেট এলাকা থেকে কয়েক লক্ষ হিসাব বহির্ভূত নগদ টাকা সহ জাল নোট উদ্ধার করে পুলিশ। ধরা পড়ে মালদার বাসিন্দা দীপক মণ্ডল ওরফে ভোলা এবং জয় মণ্ডল। দীপককে জেরা করে ওই চক্রের আর এক সদস্য তোফাজুলের হদিস পায় পুলিশ। তারও বাড়ি মালদায়। ওই চক্রের আরও কয়েক জন সদস্য এখনও শহরে সক্রিয় বলে অনুমান পুলিশের।
তদন্তকারীদের একাংশের মতে, শহর থেকে পর পর বেশ কয়েক জন জাল নোট পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জেরা করে জানা যাচ্ছে, বর্তমানে এ রাজ্যে জাল নোট পাচারের অন্যতম ট্রানজিট রুট হয়ে উঠেছে কলকাতা। তার উপর ভোটের সময় বারে বারেই জাল নোট পাচারের ঘটনা সামনে আসায় রীতিমতো উদ্বেগে রয়েছে নির্বাচন কমিশনও।