তল্লাশিতে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ জাল সরকারি কাগজপত্র— জন্ম ও মৃত্যু শংসাপত্র, আধার, প্যান কার্ডের নকল কপি, এমনকি নথি জাল করার সরঞ্জামও।

ফাইল ছবি।
শেষ আপডেট: 30 October 2025 13:37
দ্য ওয়াল ব্যুরো: টাকা দিলেই মিলত জন্ম কিংবা মৃত্যু শংসাপত্র (Fake certificates for paying), সরকারি অনুমোদনের মোড়কে পুরোপুরি ভুয়ো! অবশেষে পর্দা ফাঁস হল শিলিগুড়ির জাল নথি চক্রের।
বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ও সেনার বিশেষ গোয়েন্দা শাখার যৌথ অভিযানে গ্রাহক সেজে ধরা পড়ল (Arrested in Siliguri) চক্রের পান্ডা, বাগডোগরার পুটিমারীর বাসিন্দা লালন কুমার ওঝা (৩৫)।
পুলিশ সূত্রে খবর, খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র তৈরির অভিযোগ ওঠার পরেই নড়েচড়ে বসে পুলিশ। ওই মামলায় দু’জনকে গ্রেফতার করে জেরা করতেই উঠে আসে লালনের নাম। তার পরেই ফাঁদ পাতে পুলিশ। গ্রাহক সেজে গোয়েন্দারা লালনের বাড়িতে গিয়ে নথি তৈরির ‘অর্ডার’ দিতেই হাতেনাতে ধরা পড়ে অভিযুক্ত।
তল্লাশিতে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ জাল সরকারি কাগজপত্র— জন্ম ও মৃত্যু শংসাপত্র, আধার, প্যান কার্ডের নকল কপি, এমনকি নথি জাল করার সরঞ্জামও। পুলিশি অনুমান, দীর্ঘদিন ধরেই মোটা অঙ্কের বিনিময়ে লালন ও তার সহযোগীরা এই জাল নথি বাজারে চালাচ্ছিল। কারা কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
ধৃতকে বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে তোলা হবে। পুলিশের এক আধিকারিকের কথায়, “এটি সংগঠিত একটি চক্র। আরও কয়েকজনের নাম আমাদের হাতে এসেছে। তদন্ত এগোচ্ছে।”