
ফাইল ছবি।
শেষ আপডেট: 5 April 2025 09:28
দ্য ওয়াল ব্যুরো: ভুয়ো বার্থ সার্টিফিকেট (Fake Birth Certificate) বানিয়ে পাসপোর্টের আবেদন করে পুলিশের জালে এক যুবক। শুক্রবার রাতে গার্ডেনরিচ থেকে অভিযুক্ত বছর ২৪ এর আজাদ আলামকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, জেরায় ধৃত স্বীকার করেছে গয়া থেকে সে এই জাল বার্থ সার্টিফিকেট বানিয়েছিল। এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। শনিবার ধৃতকে আলিপুর আদালতে হাজির করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।
এর আগে জাল পাসপোর্ট (Fake Passport) কাণ্ডের তদন্তে নেমে খাস কলকাতাতেই (Kolkata) ১০০-র বেশি ভুয়ো পাসপোর্ট তৈরি হয়েছে বলে জানিয়েছিল পুলিশ।
কলকাতার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তৈরি হয়েছিল ১৩০টি পাসপোর্ট। এই পাসপোর্টগুলির মধ্যে ১২০টির 'মালিক' বাংলাদেশি নাগরিক। সূত্রের খবর, ওই ঘটনার তদন্তে নেমেই এবার ভুয়ো পবার্থ সার্টিফিকেটের হদিস পেল পুলিশ।
পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ইতিমধ্যে একাধিক গ্রেফতারি হয়েছে। পুলিশের জালে উঠে এসেছে কলকাতা পুলিশের প্রাক্তন এসআই থেকে শুরু করে রাজ্যে পুলিশের হোমগার্ড। এই তদন্তে তৎপরতা দেখাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডিও।
জালিয়াতি চক্রের কিংপিন মনোজ গুপ্তর সঙ্গে পুলিশের প্রাক্তন কর্মীর যোগসূত্রের স্পষ্ট ইঙ্গিত পেয়েছে পুলিশ। তদন্তকারীরা মনে করছে, শুধুমাত্র তিনি নন, পুলিশের অনেক নীচুতলার একাধিক কর্মী এই কাণ্ডে যুক্ত থাকতে পারে। তাদের মধ্যে কয়েক কোটি টাকার লেনদেন হওয়ার সম্ভাবনাও প্রবল।