
শেষ আপডেট: 17 August 2023 11:35
দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনা (Jadavpur Student Death Case) হাল্কাভাবে নিচ্ছে না রাজ্য সরকার, তা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রয়োজনীয় যাবতীয় পদক্ষেপ করার নির্দেশও দেন তিনি। এবার রাজ্যের উচ্চশিক্ষা দফতর এই ঘটনার তদন্তের জন্য ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি (Fact Finding Committee) তৈরি করল। দু'সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে এই কমিটিকে।
গত ৯ অগস্ট বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের এফ-২ ব্লকের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় প্রথম বর্ষের ছাত্রের। ঠিক ওই দিন হস্টেলে কী কী ঘটেছিল, সেটাই এখন তদন্ত করে দেখছে পুলিশ। এই মৃত্যু ঘটনায় র্যাগিংয়ের অভিযোগ সামনে এসেছে। ইতিমধ্যেই পুলিশ ৯ জনকে গ্রেফতার করেছে। তাঁদের মধ্যে কেউ বর্তমানে যাদবপুরে পড়েন, কেউ আবার দু'তিন বছর আগেই পড়াশুনা শেষ করেছেন বিশ্ববিদ্যালয়ে।
এই ঘটনার তদন্তে এবার চার সদস্যের ফাইন্ডিং কমিটি তৈরি করল রাজ্য উচ্চশিক্ষা দফতর। এই দফতরের সহ-সভাপতির নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও এই কমিটিতে থাকবেন শিক্ষা দফতরের বিশ্ববিদ্যালয় শাখার স্পেশাল কমিশনার, রাজ্য সরকারের ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন ও উচ্চশিক্ষা দফতরের সেক্রেটারির সদস্য।
বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরির কথা জানায় উচ্চ শিক্ষা দফতর। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের গাফিলতি দেখতে পেয়েছে রাজ্য সরকার। তাই ঘটনার প্রকৃত কারণ জানতে ও প্রয়োজনীয় পদক্ষেপ করতে ফাইন্ডিং কমিটি গঠন করা হল।
ছাত্র মৃত্যুর ঘটনায় উত্তাল ক্যাম্পাস। রাজ্য-রাজনীতিতেও নাড়া দিয়েছে এই ঘটনা। এমনকী এই নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের হয়েছে। এই ঘটনার খবর পেয়েই মৃত পড়ুয়ার বাবাকে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী। এই ঘটনার যথাযথ তদন্তের আশ্বাসও দেন তিনি। এদিকে মমতার নির্দেশেই তৃণমূলের একটি প্রতিনিধি দল নদিয়ার বগুলায় গিয়ে মৃতের পরিবারের সঙ্গে দেখাও করে আসে।
আরও পড়ুন: যাদবপুরের সেই হলুদ ডায়েরি ঘিরে আরও রহস্য! একটি পাতায় মৃত পড়ুয়ার একাধিক সই, কেন