
কোভ্যাক্সিন টিকা
শেষ আপডেট: 16 May 2024 22:18
দ্য ওয়াল ব্যুরো: করোনা ভাইরাসের মোকাবিলায় সরকারি উদ্যোগে দুটি করে কোভ্যাক্সিন টিকা দেওয়া হয়েছিল দেশবাসীকে। এই টিকা নিয়ে ইতিমধ্যেই পার্শ্বপ্রতিক্রিয়ার অভিযোগ উঠেছে। এবার এবিষয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের (বিএইচইউ) গবেষকরা।
সংবাদ সংস্থা সূত্রের খবর, টিকা নিয়েছিলেন এমন ৯২৬ জনকে টানা ১ বছর ধরে ফলো-আপ সমীক্ষা করেছেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের (বিএইচইউ) গবেষকরা। সম্প্রতি সেই রিপোর্ট প্রকাশ্যে আনা হয়েছে।
বিএইচইউ-র গবেষকদের দাবি, কোভ্যাক্সিন টিকা গ্রহণকারীদের প্রতি ৩ জনের মধ্যে ১ জন কোনও না কোনও পার্শ্ব প্রতিক্রিয়ার শিকার হয়েছেন।
গবেষকরা ৬৩৫ জন কিশোর এবং ২৯১ জন প্রাপ্তবয়স্ককে টানা ১ বছর ধরে নজরদারি চালিয়েছিলেন। গবেষণা রিপোর্টে দাবি করা হয়েছে, মোট ৯২৬ জনের মধ্যে ৫০ শতাংশের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা তৈরি হয়েছে।
রিপোর্টে আরও দাবি করা হয়েছে, শতকরা ৩৩ জন কিশোর কিশোরীর দেহে ত্বকের সমস্যা তৈরি হয়েছে। সাধারণ রোগের প্রকোপ পড়েছে ১০.২ শতাংশের মধ্যে। শতকরা ৪.৭ শতাংশ মানুষ স্নায়ুতন্ত্রের রোগে আক্রান্ত হয়েছেন।
একইভাবে প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে সাধারন রোগের শিকার শতকরা ৮.৯ শতাংশ এবং পেশী সংক্রান্ত রোগের শিকার হয়েছেন ৫.৮ শতাংশ। স্নায়ুরোগে আক্রান্ত হয়েছেন শতকরা ৫.৫ শতাংশ মানুষ। এছাড়াও হৃদরোগের মতো গুরুতর রোগে আক্রান্তের সংখ্যা শতকরা ১ জন।
গবেষকদের আরও দাবি, মেয়েদের মধ্যে শতকরা ৪.৬ শতাংশের পিরিয়ডের ক্ষেত্রেও সমস্যা দেখা দিয়েছে। প্রাপ্ত বয়স্কদের মধ্যে চারজনের মৃত্যুও ঘটেছে। এদের সকলেরই ডায়াবেটিস ছিল এবং তিনজনের উচ্চ রক্তচাপ ছিল।