২০২২ সালে গুজরাতে মোরবি সেতু দুর্ঘটনার পর তৃণমূল প্রশ্ন তুলছিল, মোদীজির রাজ্যের এই সেতু দুর্ঘটনার কারণ কী? অ্যাক্ট অফ গড, নাকি অ্যাক্ট অফ ফ্রড।

কুণাল ঘোষ ও নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 20 December 2025 15:31
দ্য ওয়াল ব্যুরো: 'অ্যাক্ট অফ গড' নাকি 'অ্যাক্ট অফ ফ্রড' (Act of God)! ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগের কথা। কলকাতার সেতু বিপর্যয় নিয়ে উত্তরবঙ্গের সভা থেকে সরাসরি তৃণমূলের (TMC) দিকে আঙুল তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেছিলেন, 'এই সেতু বিপর্যয় আসলে অ্যাক্ট অফ গড নয়, এটা অ্যাক্ট অফ ফ্রড।' প্রধানমন্ত্রীর এই মন্তব্যে সেই সময় বেশ হইচই হয়েছিল ভোট প্রচারে। ফের এক নির্বাচনের মুখে রাজ্য। ফের একবার 'অ্যাক্ট অফ গড'। এবার অবশ্য প্রধানমন্ত্রীর তাহেরপুরের সভার দিকে ইঙ্গিত করেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) এই মন্তব্য করলেন।
২০২২ সালে গুজরাতে মোরবি সেতু দুর্ঘটনার পর তৃণমূল প্রশ্ন তুলছিল, মোদীজির রাজ্যের এই সেতু দুর্ঘটনার কারণ কী? অ্যাক্ট অফ গড, নাকি অ্যাক্ট অফ ফ্রড। শনিবার অবশ্য অ্যাক্ট অফ ফ্রড-এর প্রশ্ন সামনে না এলেও, কুণাল ঘোষ কটাক্ষ করলেন অ্যাক্ট অফ গড শব্দবন্ধে।
কেন হঠাৎ এমন মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ? শনিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একসঙ্গে দু'টি সভা ছিল নদীয়ার তাহেরপুরে। প্রথম সভাটি ছিল সরকারি। সেখানে কেন্দ্র সরকারের বেশকিছু প্রকল্পের শিলান্যাস করার কথা ছিল প্রধানমন্ত্রীর। তারপরেই কাছেই আরেকটি সভা ছিল। পরের সভাটি ছিল সম্পূর্ণ রাজনৈতিক।
এদিন নির্ধারিত সময়েই দমদম বিমানবন্দরে পৌঁছায় প্রধানমন্ত্রীর বিমান। সেখান থেকে নির্ধারিত সময়েই হেলিকপ্টারে করে নদিয়ার তাহেরপুরের উদ্দেশে রওয়ানা হন তিনি। কিন্তু তাহেরপুরে পৌঁছেও আবহাওয়া খারাপ থাকায় (দৃশ্যমানতা কম থাকায়) প্রধানমন্ত্রীর হেলিকপ্টার সেখানে নামতে না পেরে কলকাতায় ফিরে আসে। সেই সময় একবার মনে করা হয়েছিল যে প্রধানমন্ত্রী সড়কপথে তাহেরপুরে গিয়ে সভা করবেন। কিন্তু প্রধানমন্ত্রীর নিরাপত্তার কথা মাথায় রেখে (এত অল্প সময়ের মধ্যে হঠাৎ করে এতটা রাস্তায় ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা প্রায় অসম্ভব ছিল) এসপিজি সেই সম্ভাবনার কথা বাতিল করে দেয়। তাছাড়া এখান থেকেই প্রধানমন্ত্রীর আসামের গুয়াহাটি যাওয়ার কথা। সড়কপথে তাহেরপুরে যাওয়া ও আসা এত অল্প সময়ে সম্ভব হত না। ফলে বেশ কিছুক্ষণ কলকাতা বিমানবন্দরের লাউঞ্জে অপেক্ষা করার পর সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রধানমন্ত্রী কলকাতা বিমানবন্দর থেকেই ভার্চুয়ালি তাহেরপুরের সভায় ভাষণ দেবেন। শেষ পর্যন্ত সেটাই হয়।
প্রধানমন্ত্রীর এই তাহেরপুরে যেতে না পারার ঘটনাকেই কুণাল ঘোষ 'অ্যাক্ট অফ গড' বলে কটাক্ষ করেছেন। কুণাল বলেন, '২০২৬-এর প্রথম যাত্রাতেই অ্যাক্ট অফ গড। কাল অবধি আকাশ পরিস্কার ছিল, সূর্যের আলো ছিল, মেঘহীন নীল আবরণ ছিল, সেখানে আজ সকাল থেকে কুয়াশা।'