
শেষ আপডেট: 5 October 2023 08:51
দ্য ওয়াল ব্যুরো: পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে বৃহস্পতিবার সকাল থেকে তল্লাশিতে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, মধ্যমগ্রাম পুরসভায় নিয়োগে দুর্নীতির অভিযোগে এই তল্লাশি চলছে। এরই পাশাপাশি আরও ১২টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডির গোয়েন্দারা।
একশ দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প খাতে বাংলার বকেয়া পাওনার দাবিতে আজ, বৃহস্পতিবার রাজভবন অভিযান রয়েছে তৃণমূলের। দুপুর আড়াইটে নাগাদ মোহরকুঞ্জ থেকে মিছিল শুরু হওয়ার কথা। তার আগে ঘটনাচক্রে এদিন সকাল থেকেই রাজ্যের খাদ্যমন্ত্রীর বাড়িতে ইডি তল্লাশি নিয়ে হইচই পড়ে গেল।
২০২১ সালে মধ্যগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে ভোটে জিতে রাজ্যের খাদ্য মন্ত্রী হয়েছেন রথীন ঘোষ। তার আগে ২০১৪ সাল থেকে মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান ছিলেন তিনি। অভিযোগ হল, মধ্যমগ্রাম পুরসভায় তাঁর মেয়াদে নিয়োগ-দুর্নীতি হয়েছে।
শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে পুলিশ হুগলির তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছিল। শান্তনুর সূত্রে তারপর গ্রেফতার করা হয়েছিল তাঁর ঘনিষ্ঠ প্রমোটার অয়ন শীলকে। এই অয়ন শীলের সল্টলেকের অফিস থেকেই পুরসভায় নিয়োগ সংক্রান্ত কাগজপত্র পায় ইডি। এক দুর্নীতি খুঁজতে গিয়ে বেরিয়ে পড়ে অন্য দুর্নীতির কিসসা। তারপর কলকাতা হাইকোর্টের নির্দেশে পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগেরও তদন্তে নেমেছে সিবিআই ও ইডি।
২০১৪ সাল থেকে পুরসভায় নিয়োগ নিয়ে যেসব দুর্নীতি হয়েছে মূলত সে ব্যাপারে তদন্ত করছে এই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে সেপ্টেম্বর মাসে উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু পুরসভার কর্মী ও আধিকারিককে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এই প্রথম কোনও পুর দুর্নীতি কাণ্ডে কোনও মন্ত্রীর বাড়িতে তল্লাশি করছে ইডি।