দ্য ওয়াল ব্যুরো : বাংলাদেশে একাদশ সাধারণ নির্বাচনের আর বাকি দু’দিন। বৃহস্পতিবার রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুয়াত্রেস আহ্বান জানিয়েছেন, নির্বাচন যেন শান্তিপূর্ণ হয়। সেজন্য সব পক্ষকে উদ্যোগ নিতে হবে।
মহাসচিবের বিবৃতিতে বলা হয়েছে, সংখ্যালঘু, নারী সহ বাংলাদেশের সব নাগরিক যাতে নিরাপদে, আত্মবিশ্বাসের সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।
বাংলাদেশে বৃহস্পতিবারই প্রচারের শেষদিন। বুধবার গভীর রাতে চট্টগ্রামে পেট্রল বোমা সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। খুলশি থানার টাইগার পাস থেকে তারা ধরা পড়ে। পুলিশের দাবি, ধৃতেরা বিএনপি-র সঙ্গে জড়িত। তাদের নাম রুহুল আমিন ও মো. জাবেদ।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (উত্তর) মো. কামরুজ্জমান জানিয়েছেন, রাত আড়াইটের সময় টাইগার পাস এলাকায় আমবাগান সড়কের মুখে গোয়েন্দা পুলিশ চেক পোস্ট বসায়। একটি অটো রিকশ তল্লাশি করে উদ্ধার করা হয় ১৮টি পেট্রল বোমা। সেই গাড়িতেই ছিল রুহুল ও জাবেদ।
তার আগে বুধবার বেলা দেড়টা নাগাদ চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী ইসহাক কাদের চৌধুরির ভাইয়ের গাড়ি থেকে পেট্রল বোমা তৈরির সরঞ্জাম ও দেশি অস্ত্র পাওয়া গিয়েছে। গ্রেফতার হয়েছে গাড়ির চালক। পুলিশ জানিয়েছে, ফৌজদারহাট এলাকার তুলাতুলির রেড চিকেন রেস্তোরাঁর সামনে একটি প্রাডো গাড়ি থেকে অস্ত্রশস্ত্র ও বোমার সরঞ্জাম উদ্ধার হয়। গাড়ির মালিক ইসহাক কাদের চৌধুরির ভাই আমজাদ হোসেন চৌধুরি।
গত মঙ্গলবার সীতাকুণ্ডে মাদাম বিবির হাটে আওয়ামি লিগের প্রার্থী দিদারুল আলমের পথসভার সময় পেট্রল বোমা ছোঁড়া হয়। তিনজন গুরুতর আহত হন।
বৃহস্পতিবার বুলেট প্রুফ জ্যাকেট পরে প্রচারে নামেন চট্টগ্রাম-১৬ আসনে জাতীয় পার্টির প্রার্থী মাহুমুদুল ইসলাম চৌধুরি। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, আমার জীবনের আশঙ্কা আছে। এখানে পুলিশও সন্ত্রাসীদের ভয় পাচ্ছে। আমাকে লক্ষ করেও গুলি ছোঁড়া হয়েছিল।
গত ২১ ডিসেম্বর বাঁশখালি উপজেলার চাম্বল বাজারে মাহমুদুল ইসলামের পথসভায় গুলি চলে। অন্তত ২০ জন আহত হন। মাহমুদুলের অভিযোগ, এই ঘটনার জন্য দায়ী আওয়ামি লিগের প্রার্থী মোস্তাফিজুর রহমানের সমর্থকরা।
তিনি বলেন, বৃহস্পতিবার সকালেও ছনুয়া বাজারে তাঁর নির্বাচনী শিবির ভাঙচুর করা হয়েছে। গুলি চালিয়ে মানুষকে ভয় দেখানো হয়েছে। মঙ্গলবার আওয়ামি লিগের মিছিল থেকে বৈলছড়ি এলাকায় তাঁর বাড়ি লক্ষ করে গুলিও করা হয়। সেজন্যই তিনি বুলেটপ্রুফ জ্যাকেট পরে প্রচারে নেমেছেন। অনেক সময় হেলমেটও ব্যবহার করছেন।