ভোটার তালিকা সংশোধনে গাফিলতি বরদাস্ত নয়। বিএলও-দের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ দিল নির্বাচন কমিশন।
.jpeg.webp)
ইলেকশন কমিশন (ফাইল ছবি)
শেষ আপডেট: 23 January 2026 22:07
দ্য ওয়াল ব্যুরো: অনেক হল ঢিলেঢালা কাজ। এবার আর কোনও রকম গাফিলতি বরদাস্ত নয়। বুথ লেভেল অফিসারদের (BLO) কড়া বার্তা দিল দিল্লির নির্বাচন সদন (Election Commission of India)। পশ্চিমবঙ্গকে (West Bengal) সামনে রেখেই এই হুঁশিয়ারি বলে মনে করছে প্রশাসনিক মহল।
নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ, পশ্চিমবঙ্গে একাধিক ক্ষেত্রে বিএলওদের ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুলের কারণে সাধারণ মানুষের কাছে কমিশনকে দোষী হতে হচ্ছে। ভোটার তালিকা সংশোধন ঘিরে বিভ্রান্তি, অভিযোগ আর অসন্তোষ বাড়ছে পাল্লা দিয়ে। এই পরিস্থিতিতে আর নরম মনোভাব নয়, স্পষ্ট নির্দেশ পাঠানো হল দিল্লি থেকে।
পশ্চিমবঙ্গ-সহ মোট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে (State and Union Territory) এই মুহূর্তে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ চলছে, যাকে বলা হচ্ছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর (SIR)। সূত্রের খবর, সেই কাজের মাঝেই বিএলওদের দায়িত্ব ও আচরণ নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন।
নির্দেশিকায় পরিষ্কার করে বলা হয়েছে, ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইন (Representation of the People Act, 1950) অনুযায়ী বিএলওরা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের অধীনস্থ কর্মচারী। তাঁদের দায়বদ্ধতা একমাত্র কমিশনের প্রতিই। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, অনেক জায়গায় কমিশনের নির্দেশিকা উপেক্ষা করে নিজের মতো করে কাজ করছেন তাঁরা। এই প্রবণতা কোনওভাবেই মেনে নেওয়া হবে না।
যদি কোনও বিএলও এই ধরনের অনিয়ম বা গাফিলতিতে যুক্ত থাকেন, তাহলে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিক বা ডিইও (District Election Officer), যিনি পদাধিকার বলে জেলাশাসক (District Magistrate), তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন হলে ওই বিএলওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

কমিশনের বক্তব্য, ভোটার তালিকা সংশোধনের মতো সংবেদনশীল কাজে কোনও ঢিলেমি নয়। নিয়ম ভাঙলে তার দায় নিতে হবে সংশ্লিষ্ট আধিকারিককেই।
এদিকে আজই সকালে এসআইআর (SIR) ঘিরে কোনও রকম অশান্তি বা হিংসা বরদাস্ত না করার বার্তা দেওয়া হয়। আইনশৃঙ্খলার অবনতি, সরকারি সম্পত্তি ভাঙচুর কিংবা সংশ্লিষ্ট আধিকারিক ও কর্মীদের উপর হুমকি বা হামলার ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে এফআইআর দায়ের করতে হবে বলে জানিয়ে দেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ কুমার আগরওয়াল।
একটি চিঠিতে রাজ্যের সমস্ত জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের (DM & DEO) উদ্দেশে স্পষ্ট জানানো হয়, সুপ্রিম কোর্টের ১৯ জানুয়ারির নির্দেশ অনুযায়ী এসআইআর সংক্রান্ত কাজ চলাকালীন কোনও শুনানি কেন্দ্রে বা সরকারি দফতরে আইনশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হলে অবিলম্বে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করতে হবে। সেই এফআইআর-এর কপি পাঠাতে হবে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার এবং সিইও দফতরে।
সবমিলিয়ে এখন দেখার, এই কড়া হুঁশিয়ারির পর মাঠপর্যায়ে বিএলওদের কাজকর্মে কতটা প্রভাব ফেলে।