দ্য ওয়াল ব্যুরো: লকডাউন চলাকালীন প্রত্যন্ত এলাকায় থাকা দুঃস্থ দিনমজুর মানুষদের খাবার জোগান দেওয়ার দায়িত্ব নিয়েছেন ৮০ বছরের বৃদ্ধ দম্পতি। ১০ কেজি চাল ভর্তি মোট ৮৪০টা প্যাকেট তাঁরা পৌঁছে দেন গ্রামে। তামিলনাড়ুর শিবগঙ্গা জেলার ওক্কুর গ্রামের মানুষেরা এখন এই চালের ওপরেই জীবন ধারণ করছেন।
মাদুরাইয়ের বৃদ্ধ দম্পতি সেক্কাপ্পান ও এস নাগাম্মাই জানান, তাঁরা এই কাজটি করতে পেরে খুব খুশি। তাঁরা বলেন, "ওক্কুর গ্রামের বাসিন্দারা প্রায় সকলেই দিনমজুরের কাজ করেন। এখন সারা দেশ লকডাউন, ফলে তাঁদের কাজ বন্ধ। সরকারি সাহায্যও এসে পৌঁছচ্ছে না ঠিকমতো। এই অবস্থায় মানুষগুলির খাবার সংস্থান করাই দায়। কারণ প্রতিদিনের রোজগারের উপর তাঁদের খাবার নির্ভর করে। এখন তো সেই রোজগারের পথই বন্ধ। তাই ওঁদের খাবারের ব্যবস্থা করেছি আমরা।"
প্রথমে অবশ্য বুঝতে পারেননি, কী করে কী ব্যবস্থা হবে। তার পরে একটি রাইসমিলের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। ৪৫ টাকা কেজি দরে একটি ভাল চাল কিনবেন বলে ঠিক করেন। একসঙ্গে কিনে নেন ৮৪০০ কেজি চাল। ১০ কেজি করে মোট ৮৪০টা প্যাকেট বানিয়ে ফেলেন। পৌঁছে দেন পরিবার পিছু একটি করে ব্যাগ। তবে পরিবহণ যেহেতু বন্ধ, তাই এই কাজে পুলিশের সাহায্য নিয়েছেন সেক্কাপ্পান। এতগুলি প্যাকেট প্রতিটি পরিবারে গিয়ে বিলি করে আসতে দু'দিন সময় লেগেছে তাঁদের।
৮০ বছরের এই দম্পতির কাজে মুগ্ধ নেটিজেনরা। তাঁদের 'গুড সামারিটান' বলে অভিহিত করছেন তাঁরা। মানুষের রোজগার যখন বন্ধ, পেটের ভাতের জোগানও বন্ধ, তখন সে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন বৃদ্ধ দম্পতি। গোটা গ্রামে ঘুরে ঘুরে চাল বিলি করায় তাঁদেরও হয়তো ঝুঁকি নিতে হয়েছে, কিন্তু কিছু অভুক্ত মানুষকে খাওয়ানোর দায়িত্ব নিতে পেরে তাঁরা তৃপ্ত।