
শেষ আপডেট: 30 March 2024 07:26
দ্য ওয়াল ব্যুরো: ভোটের মুখে নাকা চেকিংয়ের সময় সন্দেহজনক তরমুজ বোঝাই লরির মধ্যে থেকে বিপুল পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করল পুলিশ। ঘটনায় গাড়ির চালককে আটক করা হয়েছে।
শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের এগরার কুদিতে। এগরার সংশ্লিষ্ট এলাকাটিতে রয়েছে আন্তঃরাজ্য সীমান্ত। মহকুমা পুলিশ আধিকারিক দেবীদয়াল কুন্ডু বলেন, "কারা কী উদ্দেশে এই গাঁজা পাচার করছিল তা খতিয়ে দেখা হচ্ছে।"
প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছেন, গাড়িটি ওড়িশা থেকে গাঁজা নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে রওনা দিচ্ছিল। গাড়ি থেকে ৫১ টা প্যাকেট গাঁজা উদ্ধার হয়েছে। প্রতি প্যাকেট প্রায় ২ কেজি ২০০ গ্রাম ওজনের গাঁজা ছিল।
উদ্ধার হওয়া গাঁজার সঙ্গে ভোটের কোনও সম্পর্ক রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো এদিনও নাকা চেকিং চলছিল। তখনই তরমুজ ভর্তি গাড়িকে আটক করে পুলিশ। গাড়ির চালকের আচরণ দেখে সন্দেহ হয় পুলিশের। শুরু হয় তল্লাশি। এরপরই গাড়িতে রাখা তরমুজের নীচ থেকে ১০০ কেজিরও বেশি গাঁজা উদ্ধার হয়।মোট ৫১ প্যাকেট গাঁজা বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।