
শেষ আপডেট: 26 October 2023 14:40
দ্য ওয়াল ব্যুরো: রেশন দুর্নীতির সূত্র ধরে বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি-সহ ১২ টি জায়গায় তল্লাশি শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির কর্তারা। জ্যোতিপ্রিয়র আপ্ত সহায়ক অমিত দে’র বাড়িতেও হানা দিয়েছেন তদন্তকারীরা। তবে এখনও নাগেরবাজারে থাকা তাঁর দুটি ফ্ল্যাটে ঢুকতে পারেননি তদন্তকারীরা।
সূত্রের খবর, এই মুহূর্তে পুরীতে রয়েছেন মন্ত্রীর আপ্ত সহায়ক। পুজোর ছুটি কাটাতে কয়েকদিন আগেই স্ত্রী, সন্তান এবং মাকে নিয়ে পুরী গিয়েছিলেন তিনি। ইতিমধ্যে টেলিফোনে তাঁর সঙ্গে যোগাযোগও করেছেন তদন্তকারীরা। দ্রুত তাঁকে কলকাতায় ফিরে আসতে বলা হয়েছে।
জানা গেছে, নাগেরবাজারের দুটি ফ্ল্যাটের পাশাপাশি বিবেকানন্দ রোডেও অমিত দে’র একটি ফ্ল্যাট রয়েছে। সেখানে ঢুকতে না পেরে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। সূত্রের খবর, মন্ত্রীর আপ্ত সহায়কের বিপুল পরিমাণ সম্পত্তি নিয়ে পড়শিদের মধ্যেও রয়েছে হাজারও প্রশ্ন।
তাঁদেরই কয়েকজন তদন্তকারীদের জানান যে, ২০১১ সালে জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী থাকাকালীন খাদ্য দফতরের গ্রুপ সি পদে চাকরি পান অমিত। তার আগে তাঁর জীবনযাত্রায় ছিল না কোনও বিলাসিতা। অচিরেই তিনি হয়ে ওঠেন মন্ত্রী ঘনিষ্ঠ। সেই সূত্রে মন্ত্রীর আপ্ত সহায়ক। তারপরই অমিত বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হয়ে ওঠেন বলে তাঁরা জানান তদন্তকারীরা।
এমনকী সামান্য একজন কর্মচারী হয়েও অমিত করোনার সময় এলাকার অতি দরিদ্রদের নিয়মিত বিনামূল্যে খাবার বিতরণ করতেন। তাঁর এই উদ্যোগের প্রশংসা করলেও এই বিপুল পরিমাণ টাকার জোগান নিয়ে প্রশ্ন ছিল পড়শিদের মধ্যে। এদিন সে সব কথায় তদন্তকারীদের জানান তাঁরা।