
শেষ আপডেট: 28 December 2023 17:25
দ্য ওয়াল ব্যুরো: বছর শেষে তুমুল সক্রিয় হয়ে উঠেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবার সকালেই নিয়োগ দুর্নীতির তদন্তে কলকাতার বড়বাজার, মানিকতলা সহ অন্তত ৯ জায়গায় হানা দিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। তার পাশাপাশি গেমিং অ্যাপ সংক্রান্ত একটি অভিযোগের তদন্তে কেষ্টপুরের এক ব্যক্তির বাড়িতেও তল্লাশি অভিযান চালান ইডি কর্তারা। সেই অভিযানে ওই ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ ১ কোটি ৮৫ লক্ষ টাকা।
ওই ব্যক্তির নাম রবীন। তবে তাঁর বাড়িতে নিয়োগ দুর্নীতির তদন্ত করতে হাজির হয়নি ইডি। বরং বিহারের একটি গেমিং অ্যাপ সংক্রান্ত প্রতারণা মামলার তদন্তের সূত্রেই রবীনস যাদব নামে কেষ্টপুরের রবীন্দ্রপল্লির তালবাগান এলাকার বাসিন্দা ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। ওই বাড়িতে আসলে ভাড়া থাকেন রবিনস। তবে ইডির তল্লাশির সময় তিনি সেখানে ছিলেন না বলে জানা গেছে। সূত্রের খবর, সেখান থেকেই ৫০০ টাকার নোটে নগদ ১ কোটি ৮৫ লক্ষ টাকার পাওয়া গেছে। এছাড়া একাধিক সিম কার্ড, এটিএম কার্ড, এবং মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।
বৃহস্পতিবার কাকভোর থেকে কলকাতার একাধিক ঠিকানায় অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নিয়োগ দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা এদিন সকালে পৌঁছে যান বড় বাজারের ক্যানিং স্ট্রিট এলাকায় রাজেশ জোশী নামে এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বাড়িতে। এছাড়া কাঁকুড়গাছি এলাকায় তাঁর আরও একটি ফ্ল্যাটে, এবং ওই আবাসনেরই অন্য এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে ইডি। পাশাপাশি গনেশ চন্দ্র অ্যাভিনিউ, সল্টলেক, ডালহৌসি, আলিপুর সহ আরও বেশ কয়েকটি জায়গায় চলছে তল্লাশি অভিযান।