
চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডি
শেষ আপডেট: 22 March 2024 13:03
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: এর আগে দু-বার তাঁকে কলকাতায় ডেকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা পৌঁছে গেলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বোলপুরের বাড়িতে। শুক্রবার সকাল সকাল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মন্ত্রীর নায়েকপাড়ার বাড়ি ঘিরে ফেলে। ছিল মহিলা বাহিনীও। তারপরেই শুরু হয় তল্লাশি।
এই মুহূর্তে গরু পাচার ও টাকা নয়ছয় মামলায় তিহারে বন্দি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁরই ঘনিষ্ঠ হিসাবে পরিচিত বোলপুরের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এদিন চন্দ্রনাথের বাড়িতে হানা দেন ইডির গোয়েন্দারা। তবে মন্ত্রী তখন ছিলেন না বোলপুরের বাড়িতে। মুরারইয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। বোলপুরের বাড়িতে ছিলেন তাঁর স্ত্রী ও ছোট ছেলে। বাড়িতে ইডি হানার খবর পেয়েই সঙ্গে সঙ্গে বোলপুরের পথে রওনা দেন মন্ত্রী।
শিক্ষক নিয়োগ দূর্নীতি মামলায় এর আগে তাঁকে দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। তখনই এই দুর্নীতিতে জড়িত একাধিক তৃণমূল নেতার সঙ্গে তাঁর যোগাযোগ সামনে আসে বলে গোয়েন্দাদের দাবি। তারই ভিত্তিতে এবার অনুব্রত ঘনিষ্ঠ মন্ত্রীর বাড়িতে রুদ্ধদ্বার তল্লাশি চলছে বলে জানা গেছে।
১৯৯৮ সালে অনুব্রত মণ্ডলের সঙ্গেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন চন্দ্রনাথ। তখন তিনি বোলপুর পুরসভার কাউন্সিলর। তৃণমূলে যোগ দেওয়ার পর বোলপুর পুরসভার চেয়ারম্যানও হন তিনি। রাজ্যে পালাবদলের পর তৃণমূলের মন্ত্রিসভায় রয়েছেন চন্দ্রনাথ। অনুব্রত মণ্ডলের সঙ্গে মধুর সম্পর্ক বজায় থেকেছে আগাগোড়াই। এদিকে দীর্ঘদিন ধরে জেলবন্দি হলেও বীরভূমের রাজনীতিতে এখনও প্রাসঙ্গিকতা হারাননি অনুব্রত। এখনও ভোট মেশিনারিতে তাঁর প্রভাব রয়েছে বলেই মনে করে জেলার রাজনৈতিক মহল। অনুব্রতর অনুপস্থিতিতে দলকে লোকসভার ভোট বৈতরণী পার করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর অনুগামীদেরই। তাই ভোটের আগে পরিকল্পনা করেই অনুব্রত ঘনিষ্ঠ চন্দ্রনাথে বাড়িতে ইডি পৌঁছল বলেই দাবি। তবে চন্দ্রনাথ নিজে এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি। চক্রান্ত করেই বাড়িতে ইডি হানা কিনা এ প্রশ্নের জবাবে পরিষ্কার জানান, "না জেনে কোনও মন্তব্য করব না।"