কয়লা পাচার মামলায় (Coal Smuggling Case) বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের (OC Manoranjan Mandal) বাড়িতে হানা দিয়েছে ইডি (ED)। মঙ্গলবার সকালেই দুর্গাপুড়ে তাঁর বাড়িতে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল।

পুলিশের বাড়িতে ইডি
শেষ আপডেট: 3 February 2026 12:50
দ্য ওয়াল ব্যুরো: কয়লা পাচার মামলায় (Coal Smuggling Case) বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের (OC Manoranjan Mandal) বাড়িতে হানা দিয়েছে ইডি (ED)। মঙ্গলবার সকালেই দুর্গাপুড়ে তাঁর বাড়িতে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল। তাঁর বিরুদ্ধে দুর্নীতির টাকা লেনদেনের অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। দুর্নীতিকে কেন্দ্র করেই এই মনোরঞ্জন মণ্ডলের এক চাঞ্চল্যকর অতীতও রয়েছে। ২০২৪ সালেই তাঁকে সাসপেন্ড করা হয়েছিল। তাৎপর্যপূর্ণ বিষয়টি হল, কয়লা পাচার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কড়া বার্তার পরই এই পদক্ষেপ করা হয়েছিল।
কী বলেছিলেন মুখ্যমন্ত্রী?
২০২৪-এ নবান্নের এক বৈঠকে কয়লা পাচার মামলার তদন্ত নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ ছিল, 'কয়লা পাচার নিয়ে তৃণমূল কংগ্রেসকে চুরির অপবাদ দেওয়া হয়। অথচ সিআইএসএফ এবং পুলিশের একাংশ টাকা খেয়ে কয়লা পাচারে মদত দিচ্ছে।' তিনি কড়া ভাষায় বলেছিলেন, 'আমি এটা বরদাস্ত করব না।' এরপরই বারাবনি থানার তৎকালীন ওসি মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত হয়েছিল।
মঙ্গলবার সাত সকালে অভিযান
কয়লা পাচার মামলায় (Coal Smuggling case) মঙ্গলবার ভোর থেকেই রাজ্যের একাধিক জায়গায় হানা দিয়েছে ইডি (ED Raid in Bengal)। যাবতীয় নথি ঘেঁটে ৯ জনের নাম উঠে আসে। তাঁদের মধ্যেই রয়েছেন বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডল। এদিন সকালে তাঁর বাড়িতে পৌঁছে যায় ইডি আধিকারিকরা। দু'দিন আগেই বুদবুদ থানার ওসির দায়িত্ব পেয়েছেন মনোরঞ্জন মণ্ডল।
ইডি সূত্রে খবর, কয়লা পাচার মামলায় যে প্রোটেকশন মানির (Protection Money) লেনদেন হয়েছিল তার সঙ্গে যোগ রয়েছে মনোরঞ্জন মণ্ডলের। অভিযোগ, ব্যবসায়ীদের টাকা পাচার করতে মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন তিনি। এদিন দুর্গাপুরের বাড়িতেই ছিলেন মনোরঞ্জন মণ্ডল। তল্লাশির পাশাপাশি তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও খবর।
সকাল থেকেই কলকাতা-সহ রাজ্যের ৯ জায়গায় হানা দিয়েছে ইডি (ED Raid in Bengal)। কয়লা পাচার চক্রের (Coal Smuggling) বিরুদ্ধে চলা তদন্তকে আরও এগিয়ে নিয়ে যেতেই সাতসকালে এই অভিযান বলে খবর। কেবল বাংলায় নয়, সূত্রে খবর, ইডির একটি দল ইতিমধ্যেই দিল্লির (ED Raid in Delhi) বেশ কিছু জায়গায় পৌঁছে তল্লাশি শুরু করেছে।
দু'মাস আগে ইডি অভিযানে যে ডিজিটাল প্রমাণ (Digital Evidence) পাওয়া গিয়েছিল, যার মধ্যে ছিল মোবাইল ফোন, হোয়াটস অ্যাপ চ্যাট-সহ আরও একাধিক ডিজিটাল নথি বাজেয়াপ্ত করে। সেই সূত্র ধরেই এখনও পর্যন্ত ৯ জনের একটি তালিকা তৈরি করেছেন তদন্তকারী আধিকারিকরা। উঠে আসে মনোরঞ্জ মণ্ডলের নাম। এছাড়াও তদন্তে কিরণ খান, শেখ আখতার, প্রবীর দত্ত, অমিত বনশল, মির্জা নিজামুদ্দিন, চিন্ময় মণ্ডলের নামও রয়েছে। জানা গেছে, এই চিন্ময় মণ্ডল কয়লাপাচার মামলায় অন্যতম মাথা ছিলেন।