বাংলায় ভোটার তালিকায় সংশোধন প্রক্রিয়ার শেষে ৬০ লক্ষ আবেদন বিবেচনাধীন রাখা হয়েছে। তার মধ্যে থেকে যাঁদের যোগ্য বলে বিবেচনা করছেন জুডিশিয়াল অফিসাররা তাঁদের নামই কেবল সাপ্লিমেন্টারি লিস্টে রাখা হবে।

ছবি সংগৃহীত
শেষ আপডেট: 22 March 2026 18:48
দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আগে সোমবার অর্থাৎ ২৩ মার্চ সাপ্লিমেন্টারি ভোটার তালিকা (West Bengal Supplementary Voter List) প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। তার আগে নবান্নও সব জেলাকে সতর্ক করেছে, বুথে বুথে আঁটসাট নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। কারণ, অশান্তির আশঙ্কা রয়েছে।
বাংলায় ভোটার তালিকায় সংশোধন প্রক্রিয়ার শেষে ৬০ লক্ষ আবেদন বিবেচনাধীন রাখা হয়েছে। তার মধ্যে থেকে যাঁদের যোগ্য বলে বিবেচনা করছেন জুডিশিয়াল অফিসাররা তাঁদের নামই কেবল সাপ্লিমেন্টারি লিস্টে রাখা হবে। তাৎপর্যপূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের অনেক বিধায়কের নামও রয়েছে এই বিবেচনাধীনের তালিকায়। তাঁদের মধ্যে শশী পাঁজা অন্যতম।
যদিও কমিশন আগেই জানিয়েছে, শশী পাঁজার নামের নিষ্পত্তি ইতিমধ্যেই হয়ে গিয়েছে। যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে, সেই তালিকাতেই তাঁর নাম থাকছে। ফলে এই শ্যামপুকুর থেকে নির্বাচনে তাঁর প্রার্থী হওয়া নিয়ে আর কোনও জটিলতা থাকছে না।
সাধারণত প্রার্থী বা বিধায়কদের নাম ভোটার তালিকা থেকে বাদ না যাওয়ারই কথা। কিন্তু ঘটনা হল, ওই ৬০ লক্ষ আবেদন বিবেচনা করা হয়েছে আপলোডেড ডকুমেন্টের ভিত্তিতে। নতুন করে ডকুমেন্ট আপলোড করার সুযোগ দেওয়া হয়নি। ফলে কোনও বিধায়কের যদি ডকুমেন্ট আপলোডে ঘাটতি থাকে তাহলে তাঁকে ঝঞ্ঝাট পোহাতে হতে পারে। সে ক্ষেত্রে ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ পাবেন তিনি। চিন্তার বিষয় হল, মনোনয়ন পেশ করার শেষ দিনের আগে ট্রাইব্যুনালে সেই আবেদন নিষ্পত্তি হবে না। শেষবার কমিশনই জানিয়েছিল, বিচারবিভাগীয় আধিকারিকরা ২৭ লক্ষেরও বেশি মামলা নিষ্পত্তি করে ফেলেছেন। গড়ে দেড় লক্ষ করে নিষ্পত্তি হলে ধরে নেওয়া যেতে পারে ৩০ লক্ষ নামের নথি যাচাই হয়ে গিয়েছে। কিন্তু তার মধ্যে থেকে কত নাম বাদ পড়েছে, সেই তথ্য তাঁরা জানায়নি।
যদিও নির্বাচনী ইস্তেহার প্রকাশের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, তিনি শুনেছেন অর্ধেক নামই বাদ দিয়ে দেওয়া হয়েছে। যা নিয়ে নির্বাচন কমিশনকে বিজেপির তোতাপাখি বলেও আক্রমণ শানান তিনি।
এদিকে ভোটার তালিকার সাপ্লিমেন্টারি রোল প্রকাশকে কেন্দ্র করে সম্ভাব্য ভিড় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে জেলাশাসকদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে রাখা হয়েছে ।
নবান্নের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৩ মার্চ সন্ধেয় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশিত হতে পারে। সে জন্য জেলার বিভিন্ন জায়গায় ভিড় জমতে পারে। তাই আগাম প্রস্তুতি নিতে হবে। একই সঙ্গে স্পর্শকাতর এলাকায় কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সবরকম পদক্ষেপ গ্রহণ এবং প্রয়োজনীয় পরিকাঠামোগত সহায়তা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
এছাড়াও, জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের বিষয়টি জানানো হয়েছে, যাতে প্রশাসন ও পুলিশ একসঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতি মোকাবিলা করতে পারে।