বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্য সফরে এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ কমিশনের ফুল বেঞ্চ (ECI Full Bench)। সোমবার অর্থাৎ আজ থেকে শুরু করে তিনদিনের এই সফরে বিভিন্ন প্রশাসনিক বৈঠক, রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা এবং নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি পর্যালোচনা করা হবে।
.jpeg.webp)
রাজ্য সফরে জ্ঞানেশ কুমার
শেষ আপডেট: 9 March 2026 17:23
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে ভোটের (West Bengal Assembly Election 2026) দামামা বেজে গিয়েছে, অপেক্ষা কেবল নির্ঘণ্ট ঘোষণার। তার আগে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্য সফরে এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ কমিশনের ফুল বেঞ্চ (ECI Full Bench)। তিনদিনের এই সফরে বিভিন্ন প্রশাসনিক বৈঠক, রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা এবং নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি পর্যালোচনা করা হবে। এই মর্মে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে আগেই চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন ( Election Commission of India)।
৯ মার্চ (সোমবার) সকাল থেকেই শুরু হবে বৈঠক ও পর্যালোচনার কাজ। সকাল ১০টায় স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করবেন কমিশনের সদস্যরা। মাঝে ৩০ মিনিটের বিরতি থাকবে। এরপর দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত কমিশনকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। দুপুর ১২টা ৪৫ থেকে ১২টা ৫৫ মিনিট পর্যন্ত বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। তারপর ১২টা ৫৫ মিনিট থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত কমিশনের পক্ষ থেকে উদ্বোধনী বক্তব্য দেওয়া হবে।
দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২টা ১৫ মিনিট পর্যন্ত বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক হবে। একই সময়ে আইজি, ডিআইজি রেঞ্জ, পুলিশ কমিশনার, জেলা নির্বাচন আধিকারিক এবং এসএসপি-এসপি পর্যায়ের আধিকারিকদের সঙ্গে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হবে।
দুপুর ২টো ১৫ মিনিট থেকে ৩টে ১৫ মিনিট পর্যন্ত মধ্যাহ্নভোজের বিরতি থাকবে। এরপর ৩টে ১৫ মিনিট থেকে আবার বৈঠক শুরু হবে এবং নির্বাচন প্রস্তুতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা চলবে।
এদিকে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026) প্রস্তুতি খতিয়ে দেখতে কলকাতায় এসে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়ছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC Gyanesh Kumar)। রবিবার রাতেই কলকাতায় এসেছেন জ্ঞানেশ কুমার। সেইসময়েই বিমানবন্দরের বাইরে মুখ্য নির্বাচন কমিশনার এবং কমিশনের ফুল বেঞ্চের কনভয় লক্ষ্য করে বিক্ষোভ দেখান শাসক দলের কর্মী সমর্থকদের একাংশ। এমনকি নির্বাচন কমিশনারের গাড়ি লক্ষ্য করে কালো পতাকাও দেখানো হয়। গতকাল জ্ঞানেশ কুমারকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী (CS Nandini Chakravorty)। গোটা ঘটনাটি তাঁর সামনেই ঘটে।
সোমবার সকালে কালীঘাট মন্দিরের (Kalighat Mandir) বাইরে হাতে কালো পতাকা নিয়ে জমায়েত করেছিলেন একদল বিক্ষোভকারী। জ্ঞানেশের গাড়ি সেখানে পৌছতেই, তাঁকে দেখে 'গো ব্যাক' স্লোগান (Go Back Slogan) উঠতে শুরু করে। এদিন তাঁর সঙ্গে ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। পরে মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে বিক্ষোভ প্রসঙ্গে কিছু না বললেও জ্ঞানেশ কুমার শুধু বলেন, ”মা কালী সবার ভাল করুন, ভাল রাখুন।”
এসআইআর (SIR) ইস্যুতে নাম বাদের অভিযোগ তুলেই ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরও কেন নাম ডিলিট করা হচ্ছে, মুখ্য নির্বাচন কমিশনারের কাছে সেই প্রশ্নও তোলেন।