নবান্নের আবেদন খারিজ করে স্বরাষ্ট্রসচিব সহ ২৫ জন অফিসারকেই ট্রেনিংয়ে ডাকল তাঁরা। সংশ্লিষ্ট সকল আধিকারিককে নির্ধারিত সময়সূচি মেনে ব্রিফিং বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ছবি - দ্য ওয়াল
শেষ আপডেট: 4 February 2026 15:04
কেন্দ্রীয় পর্যবেক্ষকদের ব্রিফিং বৈঠক (Central Observers Briefing Meeting) ঘিরে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন (ECI)। নবান্নের (Nabanna) আবেদন খারিজ করে স্বরাষ্ট্রসচিব সহ ২৫ জন অফিসারকেই ট্রেনিংয়ে (ECI Trainning) ডাকল তাঁরা। সংশ্লিষ্ট সকল আধিকারিককে নির্ধারিত সময়সূচি মেনে ব্রিফিং বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় পর্যবেক্ষকদের জন্য নির্ধারিত ব্রিফিং বৈঠক ৫ ও ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। কমিশনের তরফে স্পষ্টভাবে বলা হয়েছে, পূর্বে জমা পড়া ছাড়ের আবেদন বিবেচনার পর তা বাতিল করা হয়েছে। তাই যাঁদের নামে এই আবেদন জমা পড়েছিল, তাঁদের নির্ধারিত দিন ও সময়ে বৈঠকে অংশগ্রহণ করতে হবে।
পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরিতে বিধানসভা নির্বাচন উপলক্ষে পশ্চিমবঙ্গের ২৫ জন সিনিয়র অফিসারকে কেন্দ্রীয় অবজারভার হিসেবে নিয়োগের তালিকা প্রকাশ করে কমিশন। ওই তালিকায় রয়েছেন রাজ্যের বর্তমান স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনা-সহ (JP Meena) ১৫ জন আইএএস এবং ১০ জন আইপিএস আধিকারিক। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে নবান্ন কমিশনের কাছে আর্জি জানিয়েছিল।
রাজ্যের যুক্তি, ভোটের মুখে শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের বাইরে পাঠানো হলে রাজ্যের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটতে পারে। বিশেষ করে স্বরাষ্ট্রসচিবের মতো গুরুত্বপূর্ণ পদে থাকা আধিকারিককে কেন্দ্রীয় অবজারভারের দায়িত্বে পাঠানো হলে পরিস্থিতি সামলানো কঠিন হতে পারে। সেই কারণেই বিকল্প নাম প্রস্তাব করে মোট ১৭ জন আধিকারিককে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার আর্জি জানানো হয়েছে।
কিন্তু নির্বাচন কমিশন বুধবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, এমন কোনও আর্জি তাঁরা মানছে না। যাঁদের নামে এই আবেদন জমা পড়েছিল, তাঁদের নির্ধারিত দিন ও সময়ে বৈঠকে অংশগ্রহণ করতেই হবে। পাশাপাশি আরও নির্দেশ দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট এই সিদ্ধান্ত দ্রুত সকল আধিকারিকের নজরে আনা বাধ্যতামূলক। প্রশাসনের বিভিন্ন স্তরে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের মধ্যে যাতে কোনও বিভ্রান্তি না থাকে, তার জন্য এই নির্দেশ জারি করা হয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, কমিশনের এই সিদ্ধান্তের কথা জানার পর নবান্ন স্বরাষ্ট্রসচিব সহ ২৫ জন অফিসারকে ট্রেনিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেছে।