
শেষ আপডেট: 14 August 2023 11:53
দ্য ওয়াল ব্যুরো: ডার্বি জয়ের পরেও ইস্টবেঙ্গলের (East Bengal) জয়ের দৌড় বজায় থাকল। ঘরের মাঠে তারা পুলিশ এসিকে (police ac) ২-১ গোলে হারিয়ে দিয়েছে। খেলার ৯০ মিনিটের কিছু আগেও ১-১ গোল চলছিল। অবশেষে বিষ্ণুর গোলে লাল হলুদ দলের লিগে দুরন্ত জয়। বিষ্ণুর গোলটাও সোনায় বাঁধিয়ে রাখার মতই।
যে কোনও ডার্বি ম্যাচ জয়ের পরে বিজয়ী দল একটু হলেও হালকাভাবে থাকে। সেটি বহুক্ষেত্রে বিপদ ডেকে আনে।
খেলার ১৫ মিনিটে অভিষেক কুঞ্জমের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল (Emami East Bengal)। এই গোলে অনেকগুলো পাস খেলেছে লাল হলুদ দল। নিজেদের ডিফেন্স থেকে বল পেয়ে খেলা শুরু করেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। তারপর জেসিন টিকে বক্সের মাথা থেকে বল দিলে ঠাণ্ডা মাথায় আসল কাজ সারেন অভিষেক।

একেবারে ছবির মতো গোল। তারপর ভালই চাপে রাখে বিনো জর্জের দল। কিন্তু পুলিশের ফুটবলাররা নিজেদের মধ্যে অনেক পাস খেলে লাল হলুদ দলের কৌশলকে ঘেঁটে দিয়েছে। এমনকী মাঠের বাঁদিক দিকে বেশ কয়েকটি আক্রমন শানায় তারা। পুলিশের সবটাই হচ্ছিল। শুধু গোল ছাড়া। অবশেষে সেটাও হল বিরতির ঠিক দুমিনিট পরেই। লাল হলুদ ডিফেন্স একটু হালকা দিতেই গুরমিত গোল করে ম্যাচে সমতায় ফেরান।
যদিও ইস্টবেঙ্গল কেন বড় দল সেটা তারা বুঝিয়ে দিয়েছে একেবারে শেষে। দলের তরুণ তুর্কি পিভি বিষ্ণু হাফ টার্নে যে গোলটি করেছেন তার জন্য কয়েক মাইল হাঁটা যায়। দারুণ গোলে মন ভরে গিয়েছে লাল হলুদ সমর্থকদের।

পুলিশ এসির কোচ প্রশান্ত চক্রবর্তী নানাভাবে লাল হলুদ দলকে আটকে দেওয়ার কৌশল নিয়েছিলেন। কিন্তু কাজে দেয়নি সেই প্রচেষ্টা।
বরং ইস্টবেঙ্গলের হেডস্যার বিনো জর্জ তিনটি বদল করে খেলার পাশা উল্টে দিয়েছেন। দলের সিনিয়র তারকাদের মতই উজ্জ্বল জুনিয়র দলও। লাল হলুদের সময় বেশ ভাল যাচ্ছে।
আরও পড়ুন: প্রোফাইল ছবিতে ‘তিরঙ্গা’ দিতেই উধাও বিসিসিআইয়ের গোল্ডেন টিক! হতভম্ব নেটিজেনরা