
শেষ আপডেট: 6 October 2023 18:37
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: দত্তপুকুরে ফের বোমা বিস্ফোরণ। এই ঘটনায় ৫ নাবালক আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে বারাসাত ১ নম্বর ব্লকের কোটরা গ্রাম পঞ্চায়েতের খোরকি এলাকায় বাঁশ বাগানের মধ্যে বোমা বিস্ফোরণ হয়। সেখানে কয়েকজন কিশোর বল খেলছিল। বাঁশ বাগানের মধ্যে একটি ডোবার ধারে বল আনতে গিয়ে তারা বালতি ভর্তি বোমা দেখতে পায়। সেই কিশোরদের মধ্যে একজন একটি বোমা তুলে ছুড়ে ফেলতেই বিস্ফোরণ ঘটে। বোমার স্প্লিন্টারের আঘাতে পাঁচজন কিশোর গুরুতর আহত হয়। কয়েকজনের সামান্য আঘাত লাগে।
বাসিন্দারা জানিয়েছেন, ঘটনার সময় মসজিদে নামাজ চলছিল। বিস্ফোরণের শব্দ পেয়েই তাঁরা ছুটে যান বাঁশবাগানের দিকে। দেখেন, কয়েকজন কিশোর জখম অবস্থায় পড়ে রয়েছে। তাদের তড়িঘড়ি উদ্ধার করে জাগুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পাঁচ আহতকে বারাসত হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় এক বাসিন্দা শুকুর শেখের অভিযোগ, এই ঘটনার সঙ্গে রাজনৈতিক দল জড়িত। আগে এলাকায় কোনও অশান্তি ছিল না। পঞ্চায়েত ভোটের পর থেকে এলাকা অশান্ত রয়েছে। যেখানে সেখানে বোমা পাওয়া যাচ্ছে। এলাকার বাচ্চারা এই মাঠেই খেলাধুলো করে। তাদের নিরাপত্তা নিয়ে সকলেই আতঙ্কিত।
জখম এক শিশুর মা জানিয়েছেন, তিনি স্কুলের কাজে ছিলেন। প্রতিবেশীরা তাঁকে ফোন করে বিস্ফোরণের খবর দেন। তাঁর ১১ বছরের ছেলেও জখম হয়েছে। তিনি জানান, বাচ্চারা বাঁশ বাগানে খেলছিল। বল নিতে গিয়ে একটি বালতিতে কয়েকটি বোমা দেখতে পায় তারা। একটি ১৫ বছরের কিশোর ওই বালতি থেকে একটি বোমা তুলে ছুড়ে ফেলতেই বিস্ফোরণ ঘটে।
কয়েকদিন আগে দত্তপুকুরের নীলগঞ্জ এলাকার অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ ঘিরে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। এবার ফের বোমা বিস্ফোরণের ঘটনায় উঠে এল দত্তপুকুরের নাম। পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে। কে বা কারা ওই বোমাগুলি বাগানে রেখে গেল, তাদের খোঁজ চলছে।