
ফাইল ছবি
শেষ আপডেট: 1 April 2025 19:26
দ্য ওয়াল ব্যুরো: ঘটনা তিন বছর আগের। কালীপুজোতে বাজি ফাটানোকে কেন্দ্র করে বিবাদ হয়েছিল। যার জেরে বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ ওঠে উত্তরপাড়ায় (Uttarpara)। ঘটনায় গুরুতর জখম হন ক্যানসার আক্রান্ত ষাটোর্ধ্ব প্রবীণ এবং অন্তঃসত্ত্বা মহিলা। কিন্তু এতদিনেও বিচার না মেলায় মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। সেই মামলার শুনানিতে পুলিশকে কড়া নির্দেশ দিল আদালত।
উত্তরপাড়া থানার দায়িত্বে থাকা ডেপুটি পুলিশ সুপারকে এই মামলার তদন্তে নজরদারির নির্দেশ দিয়ে অবিলম্বে বিচারপ্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। শুনানিতে মামলাকারী শশাঙ্ক শেখর রায়ের আইনজীবী রাজেশ ক্ষেত্রী জানিয়েছেন, তাঁর মক্কেলের বাড়িতে ঢুকে মদ্যপ অবস্থায় মারধর করা হয়েছিল। তাতে ক্যানসার আক্রান্ত বৃদ্ধ ও অন্তঃসত্ত্বা মহিলা জখম হন। তাঁর বাচ্চাও নষ্ট হয়ে যায় বলে জানানো হয়েছে। নিম্ন আদালতে চার্জশিট জমা পড়লেও প্রায় তিন বছরেও বিচারপ্রক্রিয়া শুরু হয়নি বলে অভিযোগ।
শুধু তাই নয়, ঘটনায় একজন নাকি এখনও পলাতক। তাঁকেও ধরতে পারেনি পুলিশ। গোটা ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও তোলা হয়েছিল। এখনও যে পুলিশ সেভাবে কোনও পদক্ষেপ নিচ্ছে না, সেই অভিযোগ করা হয়েছে। তারপরই কড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
ডিএসপি পদমর্যাদার ওই অফিসারকে হাইকোর্টের বিচারপতির নির্দেশ, ৩০ দিনের মধ্যে পলাতককে ধরতে হবে। যদি না হয় তাহলে এনিয়ে নিম্ন আদালতকে আরও কড়া হতে হবে বলে জানিয়েছে আদালত। আর যারা ইতিমধ্যেই ধরা পড়েছে তাদের ক্ষেত্রে এক রকম বিচার হবে। আর যারা পড়েনি তাদের ক্ষেত্রে অন্যরকম নির্দেশ দেবে আদালত। প্রয়োজনে সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে বলেও জানিয়েছে আদালত।