
শেষ আপডেট: 26 April 2023 06:27
দ্য ওয়াল ব্যুরো: দোষের মধ্যে, ঘুমের ঘোরে গায়ে পা তুলে দিচ্ছিলেন বন্ধু। বারণ করলেও বারবার একই কাজ করছিলেন। সহ্য করতে না পেরে শেষমেশ পাথর দিয়ে তাঁর মাথা থেঁতলে তাঁকে খুন করল 'বন্ধু' (friend)।
ঘটনাটি ঘটেছে সোমবার তামিলনাড়ুর চেন্নাইয়ের চেঙ্গালপেট এলাকায়। মৃতের নাম পার্থিবান। ৪৫ বছর বয়সি ওই ব্যক্তি আদতে ত্রিচির বাসিন্দা হলেও কর্মসূত্রে চেঙ্গালপেটে থাকতেন তিনি। ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করতেন তিনি। রবিবার রাতে কাজ সেরে মদ্যপান করে (drunk man) রেহমান শরীফ নাম এক ব্যক্তির বাড়ির বারান্দায় ঘুমিয়ে পড়েন পার্থিবান। সোমবার সকালে তাঁকে মৃত অবস্থায় বারান্দায় পড়ে থাকতে দেখেন রেহমান। তাঁর মাথায় একাধিক আঘাত ছিল।
তিনিই খবর দেন থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, প্রভাকরণ নাম এক ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব ছিল পার্থিবানের। দুজনে প্রায়ই একসঙ্গে মদ্যপান করে রাত্রিবেলা ওই বারান্দাতেই গল্প করতে করতে ঘুমিয়ে পড়তেন। এরপর প্রভাকরণকে আটক করে জেরা করতে শুরু করে পুলিশ। জেরায় সে জানায়, রবিবার রাতে মদ্যপান করে ওই বারান্দাতেই পার্থিবানের পাশে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু ঘুমের মধ্যেই বারবার তার গায়ে পা তুলে দিচ্ছিল পার্থিবান। বারণ করার পর পা সরিয়ে নিলেও আবার কিছুক্ষণ পর একই কাজ করছিল সে। এতেই বিরক্ত হয়ে ভোরবেলা রাস্তার পাশে পড়ে থাকা একটি পাথর তুলে নিয়ে পার্থিবানের মাথায় ছুড়ে মারে সে। তারপর সেখান থেকে চলে যায়। পুলিশ ডাকার আগে পর্যন্ত প্রভাকরণ জানতও না, তার ছোড়া পাথরের আঘাতেই মৃত্যু হয়েছে পার্থিবানের।
রেহমান পুলিশকে জানিয়েছেন, পার্থিবানের ঘুমের ঘোরে পাশের জনের গায়ে পা তুলে দেওয়ার অভ্যাস ছিল। এই নিয়ে দুই বন্ধুর মধ্যে মাঝেমাঝেই ঝামেলা লাগত, এমনকী, কয়েকবার হাতাহাতিও হয়েছে। রেহমান দুজনকেই বলেছিলেন, মারামারি করতে হলে তাঁর বাড়ির বারান্দা খালি করে দিয়ে অন্য জায়গায় চলে যেতে। যদিও সেসবের পরেও সেখানেই রাতে ঘুমোত তারা।
প্রভাকরণের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তাকে জেল হেফাজতে পাঠানো হয়েছে।
বিদেশে বহু মহিলাকে মাদক খাইয়ে ধর্ষণ, সেই দৃশ্য রেকর্ড! শেষমেশ দোষী সাব্যস্ত প্রাক্তন বিজেপি নেতা