ওই মঞ্চে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে বর্ধমান শহরের ২৫০ টি ক্লাবকে ৪ টি করে ফুটবল দেওয়া হয়।

শেষ আপডেট: 16 August 2025 20:04
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: তৃণমূল কংগ্রেসের মঞ্চে হাজির হলেন জেলাশাসক আয়েশা রানি এ ও পুলিশ সুপার সায়ক দাস। এই ঘটনাতেই শোরগোল পড়ল বর্ধমানে।
শনিবার দুপুরে বর্ধমানের কার্জনগেট চত্বরে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে খেলা হবে দিবস পালন করা হয়। ওই মঞ্চে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে বর্ধমান শহরের ২৫০ টি ক্লাবকে ৪ টি করে ফুটবল দেওয়া হয়। ওই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন জেলাশাসক আয়েশা রানি এ ও পুলিশ সুপার সায়ক দাস। বির্তকের সূত্রপাত এখানেই।
জেলাশাসক ও পুলিশ সুপারের মঞ্চে উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।। বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা বলেন, "তৃণমূলের কর্মীদের থেকে জেলার প্রশাসনিক আধিকারিক ও পুলিশ আধিকারিকরা তৃণমূল কংগ্রেসের বড় ক্যাডার। এটা আজ আর একবার প্রমাণিত হল। যেখানে মঞ্চে তৃণমূল কংগ্রেসের প্রতীক রয়েছে সেখানে জেলাশাসক ও পুলিশ সুপার বিধায়ক খোকন দাসের সঙ্গে মঞ্চে উপস্থিত আছেন।আমরা এর তীব্র বিরোধিতা করছি।"
এ প্রসঙ্গে তৃণমূল নেতা দেবু টুডু খানিকটা রক্ষনাত্মক ভঙ্গিতে বলেন, ''এটা কোনও টেকনিক্যাল ভুল হয়েছে। প্রতীকটা তুলতে হয়তো ভুলে গেছে। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।"