
দিলীপ ঘোষ
শেষ আপডেট: 15 April 2025 11:38
দ্য ওয়াল ব্যুরো: ইচ্ছাকৃতভাবে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে! বাংলায় ওয়াকফ আইনের বিরোধিতায় (Waqf Bill Protest) যে বিক্ষোভ চলছে সেই নিয়ে মন্তব্য করতে গিয়ে এমনই অভিযোগ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আর তার জন্য প্রত্যক্ষভাবে দায়ী করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই (Mamata Banerjee)। বললেন, তিনি শুধু দর্শকের ভূমিকা পালন করছেন।
মুর্শিদাবাদ থেকে শুরু করে ভাঙড়... গত শুক্রবার থেকে লাগাতার ওয়াকফ ইস্যুতে অশান্তি হচ্ছে বাংলায়। পুলিশের গাড়ি জ্বালানো থেকে শুরু করে তাঁদের ওপর হামলা, সাধারণ মানুষের ঘর-বাড়ি পোড়ানো, খুন, বাড়িছাড়া করা, সবই হয়েছে রাজ্যে। এমনকী বিএসএফ-এর ওপরও হামলার ঘটনা ঘটেছে। বিজেপি নেতার দাবি, একটি সম্প্রদায়ের মানুষ তাণ্ডব চালালেও কড়া পদক্ষেপই নেওয়া হচ্ছে না।
রাজ্যের পুলিশের ভূমিকার সমালোচনা করে দিলীপ বলেন, বিভিন্ন ক্যাম্পে বিএসএফ থাকলেও তাঁরা কোথায় যাবেন, সে ব্যাপারে নিশ্চিত করেনি পুলিশ। সুতি, ধুলিয়ান, সামশেরগঞ্জের মতো জায়গায় রাতের পর দিনের বেলাতেও তাণ্ডব চলছে, রাস্তার দু-পাশে আগুন জ্বলেছে, কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি। বিজেপি নেতার স্পষ্ট কথা, 'ইচ্ছে করে হিন্দুদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। এটা পশ্চিমবঙ্গ সরকারের নীতি।'
সোমবার নতুন করে উত্তেজনা তৈরি হয়েছিল ভাঙড়ে। বাসন্তী হাইওয়েতে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় আইএসএফ কর্মী-সমর্থকদের। সেখানেও পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে ওয়াকফ আইনের বিরোধিতায়। দিলীপের বক্তব্য, ভাঙড়ে হিংসার ঘটনা নতুন নয়। পাওয়ার গ্রিডের আন্দোলন থেকে পঞ্চায়েত নির্বাচন, সব সময়ই সেখানে সম্পত্তি নষ্ট করা হয়েছে, মানুষ মারা হয়েছে। এগুলো কী ধরনের প্রতিবাদ, কারও জানা নেই। তবে এগুলি আটকানোর কোনও চেষ্টা করা হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় দর্শকের ভূমিকা পালন করছেন, অভিযোগ দিলীপের।
বাংলা ছাড়া আর কোনও রাজ্যে ওয়াকফ নিয়ে আন্দোলন হচ্ছে না, তাহলে কি বাংলায় যা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলিহেলনে হচ্ছে? এমনও প্রশ্নও তুলে দিয়েছেন রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি। সোমবার কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন করেও সম্প্রীতির বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু দিলীপ বলছেন, ''সম্প্রীতি বজায় রাখতে রাখতে হিন্দুদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। রাজ্যে হিন্দু শূন্য হয়ে যাচ্ছে। বিভিন্ন জেলার বিস্তীর্ণ এলাকায় উত্তেজনা ছড়াচ্ছে। যা হচ্ছে তা মমতার নির্দেশে।'' রাজ্যের গোটা পরিস্থিতির জন্য দায়ী মুখ্যমন্ত্রীই, দাবি তাঁর।