
দিলীপ ঘোষ হিট, নাকি হিট উইকেট? দেখুন ভিডিওতে
শেষ আপডেট: 26 March 2024 21:23
দ্য ওয়াল ব্যুরো: একুশের বিধানসভা ভোটের কথা মনে পড়ে? গোটা ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘দিদি ও দিদি’ বলে টিপিক্যাল একটা স্বরে সম্মোধন করেছিলেন নরেন্দ্র মোদী। এবার লোকসভা ভোটে ইতিমধ্যেই বাংলায় পাঁচটি সভা করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু একবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যক্তি আক্রমণ করেননি। কোনও তীর্যক মন্তব্য বা টিপ্পনিও করেননি।
নরেন্দ্র মোদীর একেবারে উল্টো রাস্তায় হেঁটে মঙ্গলবার প্রথম বলেই ছয় হাঁকাতে চেয়েছেন দিলীপ ঘোষ। রবিবার রাতে বর্ধমান-দুর্গাপুরের প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণা করেছে দল। তারপর মঙ্গলবার প্রথম ঠিকমতো সেখানে প্রচারে বেরিয়েছেন দিলীপ ঘোষ। মর্নিং ওয়াকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে মমতার উদ্দেশে বলেছেন, আগে নিজের বাপ তো ঠিক করুন!
দিলীপের এই কথা বেশি দূর পৌঁছনোর আগেই রে রে করে উঠেছে তৃণমূল। নির্বাচন কমিশনও জেলা প্রশাসনের থেকে দিলীপের মন্তব্য নিয়ে জানতে চেয়েছে।
এখন কৌতূহলের বিষয় হল, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে দিলীপ ঘোষের এহেন ব্যক্তি আক্রমণ কি সামগ্রিক ভাবে বিজেপিরও কৌশল?
একুশের ভোট ফলাফলেই বোঝা গেছিল, বাংলায় মহিলাদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মজবুত জনভিত্তি রয়েছে। ভোটের পর বিজেপি একটা সমীক্ষা করে দেখেছিল, মমতার বিরুদ্ধে ব্যক্তি আক্রমণ অনেকেই ভাল ভাবে নেননি। বিশেষ করে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে সব মন্তব্য একুশের ভোটে করেছিলেন তার নেতিবাচক প্রভাব পড়েছিল। কলকাতা ও সংলগ্ন শহরতলিতে তার প্রভাব ছিল সবচেয়ে বেশি।
এবার লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা জনভিত্তিতে ফাটল ধরাতে চাইছে বিজেপি। তা করতে সন্দেশখালির ঘটনাকে বিজেপি জিইয়ে রাখতে চাইছে । সন্দেশখালির নির্যাতিতা রেখা পাত্রকে প্রার্থী করা হয়েছে বসিরহাটে। মঙ্গলবার রেখা পাত্রর সঙ্গে কথাও বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা ছাড়া কৌশলগত ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ব্যক্তিগত স্তরে কোনও টিপ্পনি করছে না। শুভেন্দু অধিকারীরা ‘চোর মমতা’ স্লোগান তুললেও তাঁর সম্পর্কে ফুফা-খালা গোছের শব্দপ্রয়োগে রাশ টেনেছেন। আর সুকান্ত মজুমদার এ সব ব্যাপারে তুলনায় অনেকটাই পরিশীলিত।
তাৎপর্যপূর্ণ হল, তৃণমূলও আন্দাজ করছে যে দিলীপের এই ‘কুবাক্য’ বাংলার মহিলারা ভাল ভাবে নেবেন না। সেই কারণে হই হই করে মাঠে নেমে পড়েছে। বুধবার এ ব্যাপারে নির্বাচন কমিশনে অভিযোগপত্রও পেশ করতে পারে তারা।
এ ব্যাপারে প্রশ্ন করা হলে রাজ্য বিজেপির এক নেতা এদিন বলেন, তৃণমূলও অনেক কটূ কথা বলছে। যা সব সময়ে হয়তো প্রচারে আসছে না। আর দিলীপ ঘোষ এরকমই। এটাই ওঁর স্টাইল। ওনাকে নিয়ে কিছু বলা যাবে না। উনি থামবেনও না।