রবিবার রাতে নিজের হোটেলের বারান্দায় হাঁটছিলেন প্রদীপবাবু। তখন পাশের হোটেল থেকে একটি খাবারের প্লেট ছিটকে এসে পড়ে তাঁর সামনে।
_0.jpeg.webp)
আদালতের পথে অভিযুক্তরা
শেষ আপডেট: 20 May 2025 17:23
দিঘায় হোটেল মালিককে মারধর ও খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হল তিন যুবককে। কলকাতার বাসিন্দা এই হোটেল মালিকের উপর কেন হামলা, তদন্ত চালাচ্ছে পুলিশ।
দিঘার গ্রিন পার্ক হোটেলের মালিক প্রদীপ ঘোষকে মারধর ও খুনের চেষ্টার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে দিঘা থানার পুলিশ। রবিবার রাতে নিজের হোটেলের বারান্দায় হাঁটছিলেন প্রদীপবাবু। তখন পাশের হোটেল থেকে একটি খাবারের প্লেট ছিটকে এসে পড়ে তাঁর সামনে। তিনি কারণ জানতে চাইলে পাশের হোটেলের তিন পর্যটক এসে তাঁকে মাটিতে ফেলে এলোপাথাড়ি মারধর করে। তিনি রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারান। এরপর মারা গেছে নিশ্চিত ভেবে তিন দুষ্কৃতী পালিয়ে যায়।
প্রদীপবাবুর আর্তনাদ শুনে হোটেলের কর্মীরা ছুটে আসেন। দেখতে পান রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে আছেন প্রদীপবাবু। হোটেল কর্মীরা দ্রুত তাঁকে দিঘা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তরিত করা হয় হোটেল মালিক প্রদীপবাবুকে। বর্তমানে তিনি আইসিইউতে ভর্তি।
ধৃত তিন যুবক—উমাশঙ্কর দাস, অমিত কাঞ্জিলাল ও নবীন চৌধুরী—একটি গানের দলের সদস্য বলে জানতে পেরেছে পুলিশ। তারা বিহার, হুগলি ও কাঁকিনাড়ার বাসিন্দা। এদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭, ৩২৫ ও ৩২৯ ধারায় মামলা রুজু হয়েছে। কাঁথি আদালতে তোলা হয়েছে তাদের। প্রদীপবাবুর বাড়ি কলকাতার বড়বাজার এলাকায়।